'প্রভাবশালী রাষ্ট্রগুলো আওয়ামী লীগকেই ক্ষমতায় চেয়েছিল'

প্রভাবশালী রাষ্ট্রগুলো আওয়ামী লীগকেই ক্ষমতায় চেয়েছিল – জি এম কাদেরের এই বক্তব্য দিয়ে শিরোনাম করেছে দৈনিক কালের কন্ঠ। সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না গেলে দল ভেঙে যাওয়ার শঙ্কা ছিল। তা ছাড়া শক্তিশালী কয়েকটি দেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে সমর্থন দিয়েছিল। তাই তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন।
গতকাল শনিবার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাপার বর্ধিত সভায় জি এম কাদের এ কথা বলেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর দলের প্রথম বর্ধিত সভা এটি। মূলত কোন অবস্থায় জাপাকে নির্বাচনে যেতে হয়েছিল, সে বিষয়টি তুলে ধরেন তিনি।
জি এম কাদের বলেন, ‘নির্বাচনের আগে তিনটি বড় শক্তি নির্বাচন সফল করতে চেয়েছে। আরও কয়েকটি দেশ সরকারকে সমর্থন দিচ্ছিল। তারা সিরিয়াসলি সরকারকে সমর্থন দিচ্ছিল। আমি বুঝতে পেরেছিলাম বিএনপির আন্দোলন সফল হবে না।’
চাপে পড়ে নির্বাচনে যাওয়ার প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘১৬ই ডিসেম্বর সবাইকে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলাম। পরদিন নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। তারপর প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ আসা শুরু হলো।'
‘অস্তিত্ব রক্ষার’ জন্যই নির্বাচনে বিএনপির বহিষ্কৃতরা – দৈনিক সংবাদের খবর। স্থানীয় সরকারের ষষ্ঠ উপজেলা নির্বাচন ঘিরে বহিষ্কারের হিড়িক পড়েছে বিএনপিতে।
দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি নেতাদের প্রথমে শোকজ বা কারণ দর্শানো জন্য নোটিশ পাঠানো হয়েছিল।
এরপর কেন্দ্রীয় নেতারা সব প্রার্থীর সঙ্গে যোগাযোগ করাসহ নির্বাচন থেকে থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। এসব শোকজ অনুরোধ ও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেও যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের প্রাথমিক পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নতুন করে ৩ জনসহ মোট ৭৬ জন বহিষ্কার হয়েছেন। প্রার্থীরা বলছেন তৃণমূলকে সংগঠিত করতে এবং কর্মী সমর্থকদের চাপেই নির্বাচন করতে বাধ্য হচ্ছেন।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
তাপপ্রবাহের মধ্যেই আজ খুলছে স্কুল-কলেজ - সমকালের খবরটিতে বলা হচ্ছে টানা ৩২ দিন পর তীব্র তাপপ্রবাহের মধ্যেই আজ রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।
বন্ধের কারণে সৃষ্ট শিখন ঘাটতি পোষাতে আগামী সপ্তাহ থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেমব্লি বন্ধ থাকবে।
মে মাসের শুরুতে বৃষ্টির সম্ভাবনা – আজকের পত্রিকা করেছে এই শিরোনামটি।
তারা লিখেছে দেশে বৈশাখের মাত্র ১৪ দিন পার হয়েছে। আর এতেই তাপপ্রবাহ গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে। বাকি আছে এখনো ১৬ দিন। আর ইংরেজি মাস এপ্রিলের বাকি তিন দিন। এই তিন দিনেও তাপের পারদ ওঠানামা করবে। তবে মে মাসের শুরুতে সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আর এই বৃষ্টিতে তাপপ্রবাহ থেকে সাময়িক মুক্তি মিলবে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার তাপপ্রবাহ নিয়ে আরেকটি সতর্কতা দেওয়া হতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।

অর্থের অভাবে বিদ্যুৎকেন্দ্রের মাঝপথে কাজ আটকা দেশ রুপান্তরের অন্যতম প্রধান শিরোনাম এটি। বলা হচ্ছে কক্সবাজারের মাতারবাড়ীতে তাপবিদ্যুতের দ্বিতীয় প্রকল্পের নির্মাণকাজ অর্থের অভাবে আটকে আছে।
পরিবেশের ক্ষতি বিবেচনায় দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রে জাপান অর্থায়ন থেকে সরে আসায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। নতুন করে অর্থ সংস্থানের চেষ্টা করছে সরকার। প্রয়োজনে নিজস্ব অর্থে কেন্দ্রটি নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে মাতারবাড়ীতে ৬০০ মেগাওয়াট ক্ষমতার চার ইউনিটের দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
সেই বিবেচনায় জমি অধিগ্রহণের পাশাপাশি সীমানাপ্রাচীর, ভবন ও কয়লা আমদানির জেটি নির্মাণসহ শেষ হয়েছে আনুষঙ্গিক কাজ। কিন্তু জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়ন থেকে সরে দাঁড়ানোয় দ্বিতীয় প্রকল্প নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে
Govt pays half the subsidy power ministry needs – ডেইলি স্টারের খবর। এতে বলা হয় গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে সরকারের অর্থ বিভাগ গত সপ্তাহে ১৫০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে, যদিও বিদ্যুৎ মন্ত্রণালয়ের চাহিদা ছিল ৩০০০ কোটি টাকা।
সরকারের এই সবশেষ অর্থ এ বছর ভর্তুকির পরিমাণকে নিয়ে গেল ১৮,৭৯৯ কোটি টাকায়। সরকার বর্তমান অর্থবছরে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে ৩৫ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দিয়েছে।
তবে এতে করে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবির সংকট কাটবে না বলে মনে করা হচ্ছে, কারণ ডলার সংকটে তারা এলসির মাধ্যমে জ্বালানি তেল আমদানি করতে পারছে না। ফলে প্রতিদিন পিডিবি এখন ১৫০০ মেগাওয়াট লোডশেডিং করছে।

48-hr transport strike called in Ctg – অর্থাৎ চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক, ইংরেজি দৈনিক নিউ এজের শিরোনাম।
বলা হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের জেরে ভাংচুর, জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় এবার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহবান করেছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদ।
সিদ্ধান্ত অনুযায়ী আজ ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্য়ন্ত চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা ও অটোটেম্পু চলাচল বন্ধ থাকবে। দূরপাল্লার কোন বাস এসব জেলা ও মহানগর থেকে ছাড়বে না ও ঢুকতেও পারবে না।
দিনে আসছে ৫ শতাধিক রোগী – আইসিডিডিআরবি নিয়ে এই শিরোনামটি করেছে দৈনিক মানবজমিন।
তারা লিখেছে দাবদাহে ওষ্ঠাগত জীবন। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগবালাই।
প্রতিনিয়তই জ্বর, সর্দি, ডায়রিয়া, পেটের পীড়ায় আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালে। আর এই তালিকায় সবচেয়ে বেশি শিশু ও বয়োবৃদ্ধরা।
শুধুমাত্র রাজধানীর মহাখালীর আইসিডিডিআর,বি বা কলেরা হাসপাতালেই দিনে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন।
আইএমএফের ঋণ পাওয়ার শর্ত পূরণ করতে হিমশিম – নয়া দিগন্তের শিরোনাম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পাওয়ার শর্ত পূরণে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শর্ত পূরণের অংশ হিসেবে ইতোমধ্যে ব্যাংক ঋণের সুদহার বেড়েছে।
তৃতীয় কিস্তি ছাড় পেতে একগুচ্ছ শর্ত পূরণ করতে হবে।
বিদ্যুৎ ও গ্যাসের ভর্তুকি কমানোর তাগিদ দেয়া দেয়া হয়েছে। আর এ দু’টি খাতের ওপর ভর্তুকি কমানো হলো বিদ্যুৎ ও গ্যাসের দাম আবারো বাড়াতে হবে।
এর ফলে সব ধরনের পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে, যা সামাল দেয়া ভোক্তাদের জন্য কষ্টকর হয়ে পড়বে।
অপর দিকে সরকারি ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে, যা বর্তমানে রয়েছে ২০ শতাংশের ওপরে।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর:

৬৫০ কোটি টাকার স্বপ্নভঙ্গ – যুগান্তরের প্রধান শিরোনাম আজ। খবরটি বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্প নিয়ে।
স্বপ্নের অত্যাধুনিক ডিজেল মালটিপল ইউনিট (ডেমু) প্রকল্পের ব্যর্থতার দায় নিচ্ছে না রেলের কেউ।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটি অনুমোদন, দরপত্র প্রক্রিয়া, ক্রয় প্রক্রিয়া এসবের প্রায় প্রতিটি ধাপে অনিয়ম-দুর্নীতি হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে কেনা ২০ সেট ডেমু শুরুতেই মুখ থুবড়ে পড়ে। ৩৫ বছর মেয়াদ থাকলেও প্রথম ২ বছর থেকেই অকেজো হওয়া শুরু।
এখন কোনো অবস্থাতেই এগুলো মেরামত করা সম্ভব নয়। যে কদিন ট্রেনগুলো চলাচল করেছে সে সময় মেরামতের পেছনে অতিরিক্ত ব্যয়ের কারণে লোকসান হয়েছে আরও প্রায় ৩০ কোটি টাকা। সব মিলে ডেমু ট্রেনের পেছনে সরকারের ৬৫০ কোটি টাকার পুরোটাই জলে গেছে।
৯ মে হজের প্রথম ফ্লাইট শুরু : ধর্মমন্ত্রী – ইত্তেফাকের শিরোনাম এটি। আগামী ৯ মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট। হজযাত্রীদের নিয়ে ওইদিন প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
তিনি বলেন, হজ প্যাকেজে গতবারের চেয়ে ১ লাখ ২ হাজার টাকা কম নেওয়া হয়েছে। সবকিছু ভালোভাবে চলছে। আগামী ৯ মে হজের প্রথম ফ্লাইট শুরু হবে। প্রধানমন্ত্রী ৮ তারিখে উদ্বোধন করবেন।
India allows onions export to Bangladesh, 5 other countries – দ্য বিজনেস স্ট্যার্ন্ডাডের খবরে বলা হচ্ছে, নিষেধাজ্ঞা থাকলেও ভারত বাংলাদেশ, আরব আমিরাত, বাহরাইন, ভুটান ও মৌরিতাসে প্রায় ১ লাখ টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে।

সৌদি আরবসহ প্রধান সব শ্রমবাজারে বিপর্যয় ব্যতিক্রম কেবল আমিরাত – রেমিট্যান্স প্রসঙ্গে খবরটি ছেপেছে বণিক বার্তা।
বলা হয় দেশের প্রধান সব শ্রমবাজার থেকেই রেমিট্যান্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। এক্ষেত্রে ব্যতিক্রম কেবল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ইউএই থেকে দেশে প্রবাসী আয় এসেছে ৩২৭ কোটি ৭ লাখ ডলার।
একই সময়ে প্রধান শ্রমবাজার সৌদি আরব থেকে কেবল ১৯৬ কোটি ৬৯ লাখ ডলার এসেছে। অর্থাৎ সৌদি আরবের সঙ্গে আমিরাত থেকে আসা রেমিট্যান্স প্রবাহের ব্যবধান ৬০ শতাংশেরও বেশি।
চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত শীর্ষ রেমিট্যান্সের বাজার হিসেবে ইউএই তার নাম ধরে রেখেছে। সৌদি আরবের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও রেমিট্যান্স প্রবাহে বড় বিপর্যয় হয়েছে। যুক্তরাষ্ট্রের নাম নেমে গেছে চতুর্থে।
সৌদি আরব নেমেছে তৃতীয় স্থানে। তবে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্যের নাম। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র ছাড়াও মালয়েশিয়া, ওমান, কাতার, সিঙ্গাপুরসহ বড় শ্রমবাজারগুলোর রেমিট্যান্স প্রবাহ এখন বেশ শ্লথ।

অন্যান্য খবর
চিকিৎসায় ব্যবহৃত গজে ক্ষতিকর বস্তু – প্রথম আলোর খবর। মাঘুরালী গ্রামে সকালের শান্ত পরিবেশ নেই বললেই চলে। কানে আসে খটখট শব্দ। গ্রামের রাস্তার দুই পাশের ছোট ছোট বাড়ি থেকে এই শব্দ অবিরত আসতে থাকে। এ শব্দ বৈদ্যুতিক তাঁতের। তাঁতে বোনা হয় থান কাপড়।
এ থেকে তৈরি হয় রোগীর চিকিৎসায় ব্যবহৃত গজ ব্যান্ডেজ। পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় এই গজে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বস্তু পাওয়া গেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একাধিক চিকিৎসকের অভিযোগ, যে পরিবেশে গজ-ব্যান্ডেজের থান তৈরি হয়, তা স্বাস্থ্যসম্মত না। গজ-ব্যান্ডেজ জীবাণুমুক্ত থাকার কোনো নিশ্চয়তা নেই।
বিদেশি ঋণের সুদ পরিশোধ করতে চাপে পড়ছে বাজেট – কালবেলার শিরোনাম। এতে বলা হয় দেশের অর্থনীতিতে বর্তমানে সাড়ে ১১ লাখ কোটি টাকার বিদেশি ঋণের চাপ রয়েছে। এই ঋণ দেশি বা বিদেশি হোক, তা নির্দিষ্ট সময় শেষে সুদসহ পরিশোধের বিধান রয়েছে।
এই পুঞ্জীভূত ঋণের একটা অংশ প্রতি মাসে সরকার এখন সুদ-আসলে পরিশোধও করছে। তবে দেশি ঋণ যখন খুশি সরকার শোধ দিতে পারে; কিন্তু বিদেশি ঋণে নির্দিষ্ট সময়ের বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে দিন যত পার হচ্ছে, এ ঋণ পরিশোধে সরকারের চাপও তত বাড়ছে।








