‘ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে বিএনপি’

পত্রিকা
Published

বিএনপিকে নিয়ে দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: ‘ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে বিএনপি’

খবরটিতে বলা হয়েছে যে, গত সাতই জানুয়ারির নির্বাচন ঠেকাতে ব্যর্থ হওয়ায় বেশ হতাশা আছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে।

নেতাকর্মীদের এই হতাশা কাটাতে কী ধরনের কর্মপরিকল্পনা তৈরি করা যায় তা নিয়ে দলটির শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। দলের নেতাদের ভাষায়, তাঁরা ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে, বিএনপির দায়িত্বশীল নেতারা মনে করেন, বিগত ১৫ বছরের কার্যক্রমের মূল্যায়ন এবং এর ভিত্তিতে সংগঠন পুনর্গঠন ও দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ‘প্রাণ’ ফেরানো সম্ভব।

পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার ও দলীয় কৌশলেও বেশ পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন তারা।

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সভায় দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর দলের শীর্ষ পর্যায়ে এ বিষয়ে অনানুষ্ঠানিক কথাবার্তা হচ্ছে।

আগামী জুন-জুলাইয়ের মধ্যে দলের কাউন্সিল করার চিন্তা-ভাবনা হচ্ছে বলেও খবরটিতে বলা হয়েছে।

দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: ‘রক্ষকই ভক্ষক’

বিস্তারিত খবরে বলা হয়েছে যে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অনিরাপত্তায় ভুগছেন নারী শিক্ষার্থীরা। ক’দিন পরপরই ঘটছে অপ্রীতিকর ঘটনা। যৌন হয়রানি, শিক্ষার্থী নির্যাতন, চুরি, ছিনতাই হেন কোনো ঘটনা নেই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটছে না।

এসব ঘটনা ঘটার পর তদন্ত কমিটি গঠন করা হলেও সময়ের ব্যবধানে তা আবার চাপা পড়ে যায়।

খবরে আরও বলা হয়েছে যে, সাম্প্রতিক সময়ে কয়েকটি আলোচিত ঘটনা নতুন করে ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। সেগুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের।

কেউ কেউ বলছেন, রক্ষকই সেখানে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। যে কারণে অবন্তিকার মতো একজন শিক্ষার্থীকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার রাজনীতি চর্চা অতিমাত্রায় পৌঁছে যাওয়ার কারণে শৃঙ্খলা ভেঙে পড়েছে। এর ফলে অপ্রীতিকর ঘটনা বাড়ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

পত্রিকা
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

‘পদ্মা ব্যাংক এখন থেকে চলবে এক্সিম নামে’- দৈনিক সংবাদের প্রধান শিরোনাম এটি।

খবরটিতে বলা হয়েছে যে, একীভূত হওয়ার লক্ষ্যে এক্সিম ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বেসরকারি খাতের পদ্মা ব্যাংক। সোমবার সমঝোতা স্মারকে সই করেন এক্সিম ব্যাংকের এমডি ফিরোজ হোসেন ও পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান।

একীভূত হওয়ার পর এটি এক্সিম ব্যাংক নামেই কার্যক্রম পরিচালনা করবে। পদ্মা ব্যাংকের পরিচালকরা কেউ একীভূত ব্যাংকের পরিচালক পদে থাকতে পারবেন না। তবে শেয়ারহোল্ডারদের অংশীদারিত্ব থাকবে।

এতে আরও বলা হয়েছে যে, অডিট ফার্ম নিয়োগ করে পদ্মা ব্যাংকে পরিচালকদের দায়-দেনা নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর কোনো খেলাপিকে ছাড় দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

দৈনিক সমকালের প্রধান শিরোনাম: ‘মিটার রিডারদের হাতে বিলের ‘চোরা চাবি’

খবরের বিস্তারিত অংশে বলা হয়েছে যে, মিটার রিডাররা ওয়াসার পানির বিলে কারসাজি করে নিজেদের পকেট ভারী করছেন। এসব ঘটনায় কালেভদ্রে দুই-একজন শাস্তির মুখে পড়লেও অধিকাংশই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি প্রতিষ্ঠানটি।

খবরে আরও বলা হয়েছে যে, এ ধরনের বিল জালিয়াতির সাথে ভবন মালিক থেকে শুরু করে রিডারদের তদন্তকারী রাজস্ব কর্মকর্তা, এমনকি ওয়াসার কিছু বড় কর্মকর্তাও জড়িত রয়েছেন।

ফলে টাকার বিনিময়ে বাণিজ্যিক ভবন হয়ে যাচ্ছে আবাসিক, কখনওবা ভবন নির্মাণের তথ্যও হচ্ছে গুপ্ত, আবার গভীর নলকূপের সংখ্যা কম দেখিয়েও বিল জালিয়াতি করা হচ্ছে। ফলে একই রকম দু’টি ভবনের পানির বিলে বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে।

পত্রিকা

ঋণ খেলাপিদের নিয়ে দৈনিক যুগান্তরের করা প্রধান শিরোনাম: ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান: বড় ঋণ জালিয়াতরা কি ইচ্ছাকৃত খেলাপি

এতে বলা হয়েছে যে, বাংলাদেশ ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে যেসব গ্রাহক আগে জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে ঋণ নিয়েছেন, তাদের সবাইকে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসাবে চিহ্নিত করার সুযোগ রয়েছে।

কাজেই সংশ্লিষ্ট ব্যাংক প্রচলিত পদ্ধতি অনুসরণ করে তাদের ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

খবরে আরও বলা হয়েছে যে, ২০১২ সালে ব্যাংক খাতে সবচেয়ে বড় জালিয়াতির ঘটনা ধরা পড়ে। হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংকসহ ২৬টি ব্যাংক থেকে জালিয়াতি করে প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাৎ করে।

ওই ঋণের সবই এখন খেলাপি। কিছু ঋণ সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক অবলোপন করেছে। গ্রাহকের জামানতের বেশির ভাগই ছিল ভুয়া।

ফলে সম্পদ বিক্রি করে ঋণ আদায় করা সম্ভব নয়। জালিয়াতির কারণে ওই গ্রুপের এমডি, চেয়ারম্যানসহ তিনজন জেলে রয়েছেন। অনেক ব্যাংক কর্মকর্তাও জেলে। আইন অনুযায়ী হলমার্ক গ্রুপকে ইচ্ছাকৃত খেলাপি হিসাবে চিহ্নিত করা যায় বলে খবরে বলা হয়েছে।

পত্রিকা

দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: ‘কারসাজির ভয়, আস্থার সংকটে বিনিয়োগকারীরা’

খবরটিতে বলা হয়েছে যে, ‘কারসাজির’র ভয়ে শেয়ারবাজার বিমুখ হচ্ছেন বিনিয়োগকারীরা। এমনকি কারসাজির দাপটে শঙ্কিত বিনিয়োগকারীরা ভালো শেয়ারও বিক্রি করে দিচ্ছেন। ফলে বাজারে শেয়ারের দাম পড়ছে।

এতে আরও বলা হয়েছে যে, সোমবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৩ শতাংশেরই দাম কমেছে। এর বিপরীতে দাম বেড়েছে মাত্র নয় শতাংশের। এদিন কেবল ঢাকার শেয়ারবাজারে একদিনেই প্রধান সূচক কমেছে ৭০ পয়েন্ট।

তাতে সূচকটি নেমে এসেছে পাঁচ হাজার ৮৯৮ পয়েন্টে। প্রায় ৩৪ মাসের মধ্যে সূচকটি এতটা নিচে নামল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম: ‘LNG Processing: Capacity to outpace demand’.

খবরের বিস্তারিত অংশে বলা হয়েছে যে, যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিএমআই বলছে যে, বাংলাদেশে চলতি দশকের শেষ নাগাদ এলএনজি রিগ্যাসিফিকেশনের সক্ষমতা এর চাহিদাকে ছাড়িয়ে যাবে।

ফলে বিদ্যুৎকেন্দ্রগুলোর মতো করেই সরকারি কোষাগার থেকে রিগ্যাসিফিকেশন ইউনিটগুলোর সক্ষমতা চার্জের অর্থ পরিশোধ করতে হবে।

এতে আরও বলা হয়েছে যে, বর্তমানে বাংলাদেশে দু’টি ভাসমান এলএনজি রিগ্যাসিফিকেশন ইউনিট রয়েছে, যেগুলো থেকে আমদানিকৃত প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাত শেষে জাতীয় গ্রিডে যুক্ত হয়। এই দুই ইউনিটের বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৭.৬ মিলিয়ন টন। সরকার এখন আরও চারটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করেছে।

এর ফলে চলতি দশকের শেষ নাগাদ বাংলাদেশ অতিরিক্ত ২১ মিলিয়ন টন এলএনজি রিগ্যাসিফিকেশনের সক্ষমতা অর্জন করবে বলে জানিয়েছে বিএমআই।

পত্রিকা

আরেক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম: For banks, taka now in more demand than dollar.

খবরটিতে বলা হয়েছে যে, আর্থিক সংকটের ক্ষেত্রে বাংলাদেশে এখন বিপরীতমুখী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ডলার সংকটের চেয়ে দেশটিতে এখন টাকার সংকট বড় হয়ে উঠেছে। এতে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

খবরে আরও বলা হয়েছে যে, টাকার সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংক গুলোতে ডলার সংকট আগের চেয়ে কিছুটা কমেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে চার জন নিহত’- দৈনিক ইত্তেফাকের প্রথমপাতার খবর এটি।

বিস্তারিত খবর বলা হয়েছে যে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ‘ডাকাত সন্দেহে’ গ্রামবাসীর পিটুনিতে অন্তত চার জন মারা গেছেন। এছাড়া গুরুতর আহত একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসীর বরাত দিয়ে এতে আরও বলা হয়েছে যে, সোমবার ভোরে বাগরি গ্রামের বাগরি বিলে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। তাদের গতিবিধি দেখে ডাকাত বলে সন্দেহ হয়।

পরে স্থানীয় মসজিদের মাইকে ‌‘গ্রামে ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দিলে গ্রামবাসী বিলের সামনে জড়ো হন। এসময় ধাওয়ায় অপরিচিত ওই ব্যক্তিরা বিলের পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের মধ্যে পাঁচ জনকে ধরে পিটুনি দিলে তিন জন ঘটনাস্থলে মারা যান।