পত্রিকা: 'বিএনপি ৩৯, জামায়াত ২২ এনসিপি ১৬ ভাগ ভোট পাবে'

Published
পড়ার সময়: ৯ মিনিট

' বিএনপি ৩৯, জামায়াত ২২ এনসিপি ১৬ ভাগ ভোট পাবে ' নয়া দিগন্ত পত্রিকার শিরোনাম। আগামী নির্বাচন নিয়ে সানেমের যুব জরিপ নিয়ে করা প্রতিবেদনের তথ্য এ সংবাদে তুলে ধরা হয়েছে।

আগামী নির্বাচনে বিএনপি ৩৮.৭৬ শতাংশ, জামায়াত ২১.৪৫ শতাংশ, এনসিপি ১৬ শতাংশ ভোট পাবে বলে মনে করে দেশের তরুণ জনগোষ্ঠী।

এর পাশাপাশি অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে ৪.৫৯ শতাংশ ভোট, জাতীয় পার্টি পাবে ৩.৭৭ শতাংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট।

৫১ শতাংশ মনে করে অন্তর্বর্তী সরকার দেশে সোস্যাল হারমনি (সামাজিক ঐক্য) বজায় রাখতে সক্ষম হচ্ছে।

৫০ ভাগ তরুণ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে সন্তুষ্ট। অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় ৩৫ ভাগ তরুণ।

৯৪ ভাগ তরুণ আশাবাদী আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তবে তরুণরা রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে হতাশ।

গতকাল সোমবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) ও অ্যাকশন এইডের যৌথ উদ্যোগে প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

'ইউথ ইন ট্রানজিশন : ন্যাভিগেটিং জবস, এডুকেশন, অ্যান্ড চেঞ্জিং পলিটিক্যাল সিনারিও পোস্ট জুলাই মুভমেন্ট' ('যুবসমাজের পরিবর্তন : চাকরি, শিক্ষায় এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ' বা যুব জরিপ-২০২৫) শীর্ষক এই জরিপে অংশ নেয়া তরুণদের মধ্যে ১৫ দশমিক এক শতাংশ ছিলেন নিরপেক্ষ।

তারা কোনো মত দেননি।

' দ্রুতই নির্বাচনী পালে হাওয়া ' কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কি না এ প্রশ্নে এক ধরনের অস্পষ্টতার মধ্যেও ইতিবাচক উত্তরই মিলছে।

প্রধান নির্বাচন কমিশনার ও স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, রাজনৈতিক দলগুলোর প্রার্থী নির্ধারণসহ নির্বাচনমুখী নানা তৎপরতা এবং সংস্কার নিয়ে দ্রুত সংলাপ শেষ করতে দলগুলোকে জাতীয় ঐকমত্য কমিশনের সহযোগিতার আহবান নির্বাচন আসন্ন বলেই ইঙ্গিত দিচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে আসার পর গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন," নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে। আমাদের ফোকাস জাতীয় নির্বাচন। এই মুহূর্তে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচন নিয়ে। স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি নেই।"

রাজনৈতিক দলগুলোও নির্বাচনের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে।

বিএনপির আশা ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার সিলেটে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশা প্রকাশ করেন যে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে।

তিনি বলেন, " আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ-জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জনগণের যে গণতন্ত্রের অধিকার, সেটা প্রতিষ্ঠিত হবে। যেটাকে আমরা বলি রাইট ট্র্যাক, দেশ সেখানে উঠবে বলে মনে করি।"

এনবিআর আন্দোলনের ৬১ দিন ' 'কাশিমবাজার কুঠির' ষড়যন্ত্র ' যুগান্তর পত্রিকার এ শিরোনামে এনবিআর আন্দোলনের ৬১ দিন নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।

এ খবরে বলা হয়েছে, টানা ৬১ দিন ধরে চলা এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) সংস্কার আন্দোলনের আড়ালে ছিল সরকারবিরোধী এক ভয়ংকর ষড়যন্ত্র।

যাকে এনবিআর সংশ্লিষ্ট অনেকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কাশিমবাজার কুঠিতে বসে মীরজাফরদের ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন।

তাদের মতে, এ আন্দোলনের উপরি ভাগে ছিল ন্যায়সংগত 'সুশীল মোড়কে' মোড়ানো কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের পক্ষে বিশাল এক বয়ান। কিন্তু অন্তরালে ভর করে ভিন্ন উদ্দেশ্য।

এ সেক্টরের সাধারণ কর্মকর্তাদের আবেগ আর বিশ্বাসকে পুঁজি করে রাজস্ব সেক্টরকে কার্যত অচল করে দেওয়াই ছিল মূল লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে এ সংবাদে।

এর মাধ্যমে চক্রটি সরকার উৎখাতের রোডম্যাপ সূচনা করতে চেয়েছিল। সম্প্রতি আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের পর চক্রান্তের নানা তথ্য-উপাত্ত সামনে আসছে।

এ প্রসঙ্গে সাবেক এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান বলেছেন, " সরকারি কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি পালন করার কোনো সুযোগ নেই। উপরন্তু এনবিআর হলো সরকারের ব্লাড সার্কুলেশনের পাইপলাইন।"

" ফলে এই আন্দোলনের পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এখন খুঁজে দেখা দরকার এর পেছনে কারা, কীভাবে ইন্ধন দিয়েছে। পুরো বিষয়টি রহস্যজনক। এনবিআরের ইতিহাসে এ ধরনের আন্দোলনের নজির নেই " বলেন তিনি।

তিনি বলেন, " তারা অফিস সময়ের পরে কর্মসূচি দিতে পারত। কিন্তু অফিসের কাজ বন্ধ রেখে আন্দোলন করার কোনো সুযোগ নেই। আমার মতে, সরকারি কর্মচারীরা হলো বঁটির নিচে মাছ। তাহলে এভাবে আন্দোলন করার সুযোগ কীভাবে পেল?"

' ফেব্রুয়ারি ঘিরে বিএনপি'র প্রস্তুতি আছে শঙ্কাও ' মানবজমিন পত্রিকার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই লক্ষ্য ধরে দলীয় কর্মকাণ্ড সাজানো হচ্ছে।

নেতাকর্মীদেরও নির্দেশনা দেয়া হচ্ছে। একইসঙ্গে সমমনা দলগুলোকেও নির্বাচনের প্রস্তুতির বার্তা দেয়া হয়েছে।

নির্বাচনী প্রস্তুতি নিলেও এই সময়ে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কাও আছে দলটির নেতাকর্মীদের মাঝে। অনেকে মনে করছেন কোনো কারণে এই সময়ে নির্বাচন নাও হতে পারে।

বিশেষ করে জুলাই সনদ, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা না হওয়া নির্বাচন পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।

এ ছাড়া জামায়াত - এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচন নিয়ে অবস্থানও শঙ্কার বড় কারণ। এসব দল নির্বাচন চাইলেও সংস্কার এবং জুলাই সনদের বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময় নিয়ে সমঝোতার যে আভাস এসেছিল তা নিয়ে এখন দলের কেউ কেউ কিছুটা সংশয়ে।

কারণ ওই বৈঠকের পর সরকারের তরফে ইতিবাচক পদক্ষেপ নেই বলে তারা মনে করছেন।

যদিও প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক এবং ব্রিফিংয়ে নির্বাচন বিষয়ে ইসির প্রস্তুতি প্রকাশ করাকে নির্বাচন ইস্যুতে ইতিবাচক দিক হিসেবে দেখছেন কেউ কেউ।

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, " প্রার্থী বাছাই ও নির্বাচনী ইশতেহারের কাজ চলছে। নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে সেটা আরও সামনে চলে আসবে। এখন কাজ চলছে।"

সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম ' শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস - ফেলের খেলা '।

এ খবরে বলা হয়েছে, ১৮ তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।

গত চৌঠা জুন প্রকাশিত ফলে দেখা গেছে, একই দিন ও একই বিষয়ে কোনো কোনো বোর্ডে ৩০ জনের মধ্যে ২৯ জনই ফেল করেছেন।

আবার অন্য বোর্ডে ৩০ জনের মধ্যে ২৯ জন পাস করেছেন। এ ধরনের বেশ কিছু ঘটনাকে ভূতুড়ে, গোঁজামিল ও অযৌক্তিক বলছেন প্রার্থীরা।

বোর্ডভিত্তিক ফলে ব্যাপক বৈষম্য দেখা যাওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ ভুক্তভোগী চাকরিপ্রার্থীরা।

তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ফল পুনর্মূল্যায়ন ও তদন্তের দাবি জানিয়েছেন। প্রায় প্রতিদিনই রাজধানীতে আন্দোলন করছেন তারা।

গতকাল সোমবারও শাহবাগ থেকে মিছিল নিয়ে ১৮ তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা এনটিআরসিএ ভবন ঘেরাও করেন।

আন্দোলনকারীদের দাবি, তারা বৈষম্যের শিকার হয়েছেন। মৌখিক পরীক্ষায় ৮৩ হাজার পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার জনকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। তাই তাদেরও উত্তীর্ণ সনদ দিতে হবে।

এ খবরে বলা হয়েছে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর গত দোসরা এপ্রিল উচ্চ হারে পারস্পরিক বা পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পরে তা তিন মাসের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন তিনি, যে সময়সীমা শেষ হবে আগামীকাল নয়ই জুলাই।

এ সময়ের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দরকষাকষি শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকেও রেসিপ্রোকাল ট্যারিফ বিষয়ক বাণিজ্য চুক্তির খসড়া পাঠিয়েছে দেশটি।

কিন্তু নয়ই জুলাইয়ের মধ্যে চুক্তি হওয়া নিয়ে সংশয় এখনো কাটেনি বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে এ সংবাদে।

এরই মধ্যে কিছু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরো বেশকিছু চুক্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্য দেশগুলোর ক্ষেত্রে কী হবে তা পরিষ্কার করেননি তিনি।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্টও একই কথা জানিয়ে বলেন, নয়ই জুলাইয়ের সময়সীমা মাথায় রেখে নতুন অনেক দেশ তাদের কাছে চুক্তির প্রস্তাব পাঠিয়েছে।

তবে পাল্টা শুল্ক কার্যকরের সময়সীমা বৃদ্ধির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব কমার্স হাওয়ার্ড লুটনিক।

দেশটির স্থানীয় সময় রোববার তিনি সাংবাদিকদের বলেন, পাল্টা শুল্ক পহেলা অগাস্ট থেকে কার্যকর হবে। প্রেসিডেন্ট এখন শুল্কহার নির্ধারণ এবং বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছেন।

' তরুণেরা চান শিক্ষা - স্বাস্থ্যে সংস্কার, 'মব' ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ ' সানেম ও অ্যাকশন এইডের জরিপ নিয়ে করা প্রথম আলো পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মব (সংঘবদ্ধ বিশৃঙ্খলা) নিয়ে উদ্বিগ্ন তরুণেরা। তারা চান সাধ্যের মধ্যে আধুনিক শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা। সংস্কারের ক্ষেত্রেও তারা শিক্ষা, স্বাস্থ্য ও শ্রমবাজারকে অগ্রাধিকারে দেখতে চান।

তরুণদের এই মনোভাব উঠে এসেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও একশনএইডের একটি জরিপে।

জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কর্মসংস্থান, শিক্ষা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তরুণদের ভাবনা সম্পর্কিত এই জরিপ গতকাল সোমবার প্রকাশ করা হয়।

জরিপে তরুণদের কাছে একটি প্রশ্ন করা হয়েছিল যে, " নিচের আর্থসামাজিক অবস্থা জীবনযাত্রাকে ব্যাহত করছে, আপনি কি একমত? "

জবাবে বারবার অগ্নিসংযোগ, দস্যুতা (ছিনতাই) ও চুরি নিয়ে উদ্বেগের ক্ষেত্রে একমত পোষণ করেছেন ৮০ শতাংশ তরুণ উত্তরদাতা। দ্বিমত পোষণ করেছেন আট শতাংশের কম। বাকিদের মতামত ছিল না।

'মব' নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রায় ৭২ শতাংশ উত্তরদাতা। জনপরিসর নিরাপত্তাহীন (বিশেষ করে নারীদের ক্ষেত্রে) এ বিষয়ে একমত ৬১ শতাংশের বেশি উত্তরদাতা।

বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেছেন ১৬ শতাংশ।

' অর্ধেক শিক্ষকে চলছে মেডিকেল ' আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

বর্তমানে দেশের মেডিকেল শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই ( ৪২ % ) ভর্তি হচ্ছে সরকারি কলেজগুলোতে। অথচ বিদ্যমান ৩৭ টি সরকারি মেডিকেল কলেজে শিক্ষকের তীব্র সংকট চলছে।

বিশেষ করে জ্যেষ্ঠ শিক্ষকসহ মোট পদের ৪৩ শতাংশই খালি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এতে শিক্ষার্থীদের শিখন ও প্রশিক্ষণে ঘাটতি থাকছে।

মানসম্মত চিকিৎসক তৈরিতে থেকে যাচ্ছে বড় ধরনের দুর্বলতা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়গুলোতে প্রতি শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ( ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি ) ডিগ্রিতে পাঁচ হাজার ৩৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।

এছাড়া পুরোনো কয়েকটি কলেজে রয়েছে স্নাতকোত্তর ডিগ্রি ডক্টর অব মেডিসিন (এমডি) , মাস্টার্স অব সার্জারি (এমএস), এফসিপিএস, এমফিল ও ডিপ্লোমা ডিগ্রি।

' Dhaka gets some relief in US trade tariff ' দ্য ডেইলি স্টার পত্রিকার এ শিরোনামের অর্থ 'যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্কে কিছুটা স্বস্তি পেল ঢাকা।'

নয়ই জুলাই থেকে পহেলা অগাস্ট পর্যন্ত তাদের শুল্কের সময়সীমা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন।

যার ফলে বাংলাদেশের জন্য একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য তিন সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ সময় পাওয়া গেছে। যদিও ২০ শতাংশ বা তার কম হারের আশা করছে তারা।

এ ধরনের সমঝোতামূলক আলোচনার সাথে পরিচিত কর্মকর্তারা জানিয়েছেন, পোশাক বাণিজ্যে ঘনিষ্ঠ প্রতিযোগী ভিয়েতনামের জন্য ওয়াশিংটন সম্প্রতি যে ২০ শতাংশ হার নির্ধারণ করেছে তার চেয়ে ভালো শর্ত বাংলাদেশের প্রাপ্য বলে যুক্তি দিয়েছে ঢাকা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের সাথে আলোচনার জন্য বাংলাদেশি একটি প্রতিনিধিদল ওয়াশিংটন ডিসিতে রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন বাণিজ্য নীতির একটি বৃহত্তর সংস্কারের অংশ এই আলোচনাগুলো। যিনি ১৪টি দেশকে নতুন শুল্ক হার সম্পর্কে অবহিত করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে প্রস্তাবিত ৩৭ শতাংশ পারস্পরিক শুল্ক অস্থায়ী ১০ শতাংশ বেসলাইন হারের পরিবর্তে আসবে।

' 1st ICT order on charges likely July 10 ' নিউএইজ পত্রিকার প্রথম পাতার এ শিরোনামের অর্থ ' আইসিটির প্রথম অভিযোগ গঠনের আদেশ ১০ই জুলাই।'

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই - অগাস্টে গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সোমবার শেষ হয়েছে।

অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ মহিতুল হক আনাম চৌধুরীর তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে ১০ জুলাই রায় দেওয়ার জন্য দিন ঠিক করেছেন।

গতকাল সোমবারের শুনানির সময় মামুন কাঠগড়ায় ছিলেন। এখনও পলাতক রয়েছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান।

এই প্রথমবারের মতো ট্রাইব্যুনাল ২০২৪ সালের জুলাই - অগাস্টে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার জন্য দায়ের করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দিতে যাচ্ছে।