আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
'হাসিনার কলরেকর্ড ট্রাইব্যুনালে'
'হাসিনার কলরেকর্ড ট্রাইব্যুনালে' নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
এ সংবাদে বলা হয়েছে, জুলাই-অগাস্টে ছাত্র আন্দোলনের সময় পরিচালিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরো দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আগামী ২০শে এপ্রিলের মধ্যে তার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদনও ওইদিনের মধ্যেই দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
শুনানির এক পর্যায়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, "কে কী করেছে সেটি আমাদের কাছে আছে। কেরামুন কাতেবিন যেভাবে সব কিছুর রেকর্ড করেন, সেভাবে ডিজিটাল ফুটপ্রিন্ট আমাদের হাতে রয়েছে।"
'ছয় মাসে আমানত বৃদ্ধি পরিমাণে কমেছে ৪২ শতাংশ' বণিক বার্তা পত্রিকার শিরোনাম।
দেশের ব্যাংক খাতে মেয়াদি আমানতের সুদহার এখন ১২ থেকে ১৩ শতাংশ। আমানতের এত উচ্চ সুদ গত কয়েক বছরে দেখা যায়নি।
তবে উচ্চ এ সুদহারও এখন আমানতকারীদের আকৃষ্ট করতে পারছে না। গত অর্থবছরের তুলনায় আমানতের প্রবৃদ্ধি নেমে এসেছে প্রায় অর্ধেকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশের ব্যাংক খাতে আমানত বেড়েছিল ৫৯ হাজার ৩৩ কোটি টাকা।
আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমানত বেড়েছে ৩৪ হাজার ৫১৭ কোটি টাকা। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে আমানত বৃদ্ধির পরিমাণ কমেছে প্রায় ৪২ শতাংশ।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নয়টি বেসরকারি ব্যাংকগুলোকে প্রায় ২৮ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধার দেয়া হয়েছে নতুন টাকা ছাপিয়ে।
আর কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় জোগান দেয়া হয়েছে আরও সাত হাজার ৩৫০ কোটি টাকা।
তারল্য সহায়তা হিসাবে দেয়া এসব অর্থ দুর্বল ব্যাংকগুলোর আমানত হিসাবে যুক্ত হয়েছে।
অর্থাৎ, দেশের ব্যাংক খাতে যে পরিমাণ আমানত বেড়েছে, সেটি দুর্বল ব্যাংকগুলোকে দেয়া আমানতের চেয়েও কম।
কেন্দ্রীয় ব্যাংকের জোগান দেয়া অর্থও গ্রাহকরা ব্যাংক থেকে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর:
'তিস্তায় ভারতের আচরণ অন্যায্য' কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারতের অপ্রতিবেশীসুলভ আচরণের কারণে আজ তিস্তাপারের লাখো মানুষ বন্যা ও খরায় দুর্বিষহ জীবনযাপন করছে।
"পানির অভাবে এখন তিস্তার বুকে ধু ধু বালুচর। বিএনপি ক্ষমতায় এলে পানির ন্যায্য হিস্যার জন্য জাতিসংঘ যাবে। একই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে অসম, অন্যায্য ও একতরফা সব চুক্তি পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনা করা হবে" বলেন মি. রহমান।
গতকাল মঙ্গলবার রংপুর ও লালমনিরহাট জেলার মাঝে তিস্তা রেলওয়ে সেতুসংলগ্ন চরে তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহা পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি আয়োজিত দুই দিনব্যাপী প্রতিবাদ সমাবেশের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সমাপনী বক্তব্যে মি. রহমান বলেন, "সারা বিশ্ব আজকে দেখে রাখুক, তিস্তাপারের লাখো মানুষ ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত। উত্তরাঞ্চলের মানুষ আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায়, ভারতের সঙ্গে যে অভিন্ন ৫৪টি নদী, এই নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারো কোনো করুণার বিষয় নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা বাংলাদেশের প্রাপ্য। অথচ তিস্তা নদীর পানির জন্য আজকে আমাদের আন্দোলন করতে হচ্ছে।"
'তদন্ত শেষ হলে এপ্রিলে হাসিনার বিচার শুরু করা যাবে' সংবাদ পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
আগামী মার্চে তদন্ত কাজ শেষ হলে তার পরের মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু করা যাবে বলে মনে করেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম।
গতকাল মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করার পর তিনি তদন্ত নিয়ে কথা বলেন।
সকালে তাদের হাজির করার পর প্রসিকিউশন সময়ের আবেদন করে এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে।
আগামী ২০শে এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
ত্রুটিহীনভাবে তদন্ত রিপোর্ট তৈরি করতে সময়টা নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, "মার্চ মাসের মধ্যে যদি তদন্ত রিপোর্ট পেয়ে যাই সেক্ষেত্রে এপ্রিলের মধ্যে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের কাছ থেকে তাদের রিপোর্টটি চাওয়া হয়েছে" বলেও জানান মি. ইসলাম।
'রেশনসহ ৯ সুবিধা চান ডিসিরা' মানবজমিন পত্রিকার শিরোনাম।
এ সংবাদে বলা হয়েছে, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বার্তা দিয়েছে সরকার।
কারও ধমক না শুনে নির্ভয়ে কাজ করতে এবার ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শেষ হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন।
বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটের জন্য নিরপেক্ষ প্রশাসন সাজানোর বার্তা দেয়া হয়েছে সরকারের তরফ থেকে।
অন্যদিকে রেশন, চিকিৎসা-ভাতা ও গৃহ ঋণ বাড়ানোসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ নয়টি সুবিধা চেয়ে প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)।
জনপ্রশাসন মন্ত্রণালয়-সংক্রান্ত ২১টি প্রস্তাবের মধ্যে নয় প্রস্তাবেই তাদের সুযোগ-সুবিধার বিষয়টি তুলে ধরা হয়েছে।
সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাবও দিয়েছেন ডিসিরা। রেশন হিসেবে চাল, ডাল, তেল, আটা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেয়ার কথা বলেছেন তারা।
'ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষে আহত শতাধিক' প্রথম আলো পত্রিকার শিরোনাম।
ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের মধ্যে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে ওই সংঘর্ষ চলে। এতে শতাধিক আহত হন।
রাতে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করে কুয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন।
আজ বুধবার বেলা একটার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুয়েটে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
কুয়েটে সংঘর্ষের পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল।
'রমজানের আগে দাম বাড়াতে সেই পুরোনো কৌশল' সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
এ সংবাদে বলা হয়েছে, রমজানের আগেই শুরু হয়ে গেছে তেলের দাম বাড়ানোর পুরোনো কৌশল।
রাজধানীর বিভিন্ন বাজার থেকে বোতলজাত তেল পুরোপুরি উধাও হয়ে গেছে।
কয়েকটি বাজারের পাওয়া গেলেও তা ক্রয় করতে মানুষকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এ কারণে খোলা তেলের দামও আকাশ ছুঁয়েছে।
প্রতি লিটার খোলা সয়াবিন তেল কেনাবেচা হচ্ছে ১৮০ টাকা থেকে ১৮২ টাকায়। অথচ সরকারের নির্ধারিত দর ১৫৭ টাকা।
সে হিসাবে প্রতি লিটারে ভোক্তাকে গুনতে হচ্ছে ২৩ থেকে ২৫ টাকা।
আমদানি সংকট দেখিয়ে কোম্পানিগুলো তেল সরবরাহ তলানিতে ঠেকিয়েছে। দৈনিক সাড়ে পাঁচ হাজার টন চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে আড়াই হাজার টন।
এতে বাজারে এক ধরনের কৃত্রিম সংকট দেখা দিয়েছে।
'বায়ুবিদ্যুৎ খাতে গচ্চা শতকোটি টাকা' যুগান্তর পত্রিকার শিরোনাম।
এ সংবাদে বলা হয়েছে, লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুতের মুখ না দেখলেও বায়ু বিদ্যুৎ (উইন্ডমিল) প্রকল্পের নামে এ খাত থেকে সরকারের শতকোটি টাকার বেশি গচ্চা গেছে।
এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মাত্র দুই মেগাওয়াটের দুটি বায়ু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হয়েছে। যদিও উৎপাদনের দুই বছর পর প্রথমটি এবং পরীক্ষামূলক উৎপাদন চলাকালে দ্বিতীয় কেন্দ্রটিও বন্ধ হয়ে গেছে।
কেন্দ্র দুটির পেছনে সমীক্ষা, স্থাপন, সংস্কার, মেরামত-সব মিলে সরকারের এই অর্থ গচ্চা গেছে।
এর মধ্যে ফেনীর সোনাপুর গ্রামের কেন্দ্রটিতে গেছে ৫০ থেকে ৬০ কোটি এবং কক্সবাজারের কুতুবদিয়া কেন্দ্রের জন্য ৩০ থেকে ৪০ কোটি টাকা গচ্চা গেছে।
গত সরকার রেন্টাল - কুইক রেন্টাল নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় এ খাতে নজর কমে যায়।
ফলে পতিত আওয়ামী লীগ সরকারের মেয়াদের প্রথমদিকে বায়ুবিদ্যুৎ খাত সেভাবে বিকাশ লাভ করেনি।
'Kuet tensions onto other campuses' দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার শিরোনামের অর্থ কুয়েটের উত্তেজনা ছড়িয়ে পড়েছে অন্যান্য ক্যাম্পাসেও।
এ সংবাদে বলা হয়েছে, কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল এবং ছাত্র বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে সংঘর্ষের কয়েক ঘন্টা পর, গতকাল মঙ্গলবার রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির উপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে বিকেলে কুয়েটে সংঘর্ষ শুরু হয় ।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একটি সমাবেশ ও মিছিল করেছে।
বিএনপিপন্থী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার রাতে কুয়েটে কী ঘটেছে তা তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি টিম পাঠিয়েছে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বলেছে, কুয়েটের সংঘর্ষ একটি 'গোপন সংগঠন' এর মাধ্যমে প্ররোচিত হয়ে ঘটেছিল।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, "কুয়েট সংঘর্ষের জন্য দায়ী দলটির ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে। তারা ১৯৯০ এর দশকে এরশাদ শাসনকে সমর্থন করেছিল এবং ১৯৯৬ সালে গণতন্ত্রকে লাইনচ্যুত করার চেষ্টা করেছিল।"
"এখন, তারা ছাত্রদলের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য সাধারণ ছাত্র সেজেছে" বলে সতর্ক করেন মি. শিপন।
'Bangladesh's job crisis deepens as pvt sector stalls' দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতার শিরোনামের অর্থ বেসরকারি খাতের স্থবিরতায় বাংলাদেশের কর্মসংস্থান সংকট আরও বাড়ছে।
সরকারি খাতের পাঁচ শতাংশ কর্মসংস্থানের বিপরীতে ৯৫ শতাংশ কর্মসংস্থান সৃষ্টি করা বাংলাদেশের বেসরকারি খাত বর্তমানে চরম সংকটে।
এ খাতের ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে চার বছরের সর্বনিম্ন সাত শতাংশে, যা ব্যবসার সম্প্রসারণের গতি শ্লথ করে দিচ্ছে।
মূলধনী যন্ত্রপাতির আমদানি ২০২৪-২৫ অর্থবছরে ৩৪ শতাংশ কমে যাওয়ায় ব্যবসায়ীরা সম্প্রসারণ পরিকল্পনা স্থগিত রেখেছেন, ফলে শিক্ষিত তরুণদের বেকারত্ব আরও বেড়েছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট (অক্টোবর ২০২৪) প্রতিবেদনে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্ব বৃদ্ধির চিত্র উঠে এসেছে।
২০১৩ সালে দেশে মোট বেকারের ৯ দশমিক ৭ শতাংশ ছিল উচ্চ শিক্ষিত তরুণ, যা ২০২২ সালে বেড়ে ২৭ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে।
অর্থনীতির গড় প্রবৃদ্ধি দীর্ঘদিন ধরে ছয় দশমিক পাঁচ শতাংশ থাকলেও অনেক স্নাতক চাকরি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যে মুদ্রাস্ফীতি মজুরি বৃদ্ধির হারকে ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।