‘অচল ২৩৫০ কোটির ইভিএম’

পত্রিকা

ছবির উৎস, BBC Bangla

Published

দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম- ‘অচল ২৩৫০ কোটির ইভিএম’। এই খবরে বলা হয়েছে যে দেশে এখন যতগুলো ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম রয়েছে, তার বেশিরভাগই অকেজো হয়ে পড়েছে। এই অচল ইভিএমের সংখ্যা অন্তত এক লাখ।

এত বিপুল সংখ্যক ইভিএম কিনতে সরকারের খরচ হয়েছিলো ২৩৫০ কোটি টাকার বেশি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে এগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ইভিএম না থাকায় পরবর্তীতে সেটি হয়নি। তবে এখন আবার আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএমে ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

যদিও অচল ইভিএমগুলো মেরামত করে আবার ব্যবহার উপযোগী করতে যে বিপুল অর্থের প্রয়োজন হবে, তার সংস্থান আপাতত ইসির হাতে নেই। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় সরকারও এই খাতে নতুন করে কোনও অর্থ বরাদ্দ করার পক্ষে নয়।

এ অবস্থায় চলতি বছরের জুনে ইভিএম প্রকল্পের মেয়াদ শেষ হলেও ইভিএমের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে এখন অনিশ্চয়তার মাঝে আছে ইসি।

দেশ রূপান্তর পত্রিকা।

ছবির উৎস, BBC Bangla

ছবির ক্যাপশান, দেশ রূপান্তর পত্রিকা।

‘ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রী চার দিনের রিমান্ডে’, এটি কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার সংবাদ। এতে বলা হয়েছে, গৃহকর্মী প্রীতি ওরাংয়ের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় মঙ্গলবার পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের রিমান্ড মঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান।

গত ছয়ই ফেব্রুয়ারি সকালে আশফাকুল হকদের মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসার নীচতলার গ্যারেজের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় প্রীতি ওরাংকে পেয়ে বাসার কেয়ারটেকার তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় মেয়েটি।

এ ঘটনায় নিহত প্রীতির বাবা চা-শ্রমিক লুকেশ ওরাং বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

বণিক বার্তা পত্রিকা।

ছবির উৎস, BBC Bangla

ছবির ক্যাপশান, বণিক বার্তা পত্রিকা।

‘প্রভাবশালীদের ফ্ল্যাট কেনায় কর ফাঁকি’, এটি যুগান্তর পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে যে গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডির মতো অভিজাত এলাকায় প্রভাবশালীদের ফ্ল্যাট কেনায় ভয়াবহ আয়কর ফাঁকির প্রমাণ মিলেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) অনুসন্ধানের বরাত দিয়ে এতে উল্লেখ করা হয়েছে, আবাসিক ও বাণিজ্যিক ফ্লোর কেনার প্রকৃত অর্থ গোপন করে আয়কর ফাঁকি দিয়েছে ডজনখানেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাদের অনেকে বিনিয়োগের তথ্যও রিটার্নে উল্লেখ করেননি।

আয়কর ফাঁকি দেওয়ায় সরকার অর্ধশত কোটি টাকার রাজস্ব হারিয়েছে।

পত্রিকা
ছবির ক্যাপশান, আজকের পত্রিকা

সেবা রফতানির শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র, তথ্য নিয়ে সংশয় দূতাবাসের’, এটি বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে, দেশের মোট রফতানিতে সেবা খাতের অবদান ১২ শতাংশ। অর্থমূল্যে যার পরিমাণ দাঁড়ায় ৭০০ কোটি ডলারের কিছু বেশি।

তবে এ খাতে রফতানির শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের রফতানি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে মোট সেবা রফতানির ১৮ শতাংশেরও বেশির গন্তব্য ছিল দেশটি। এ সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সেবা রফতানি হয়েছে ১২৭ কোটি ৭০ লাখ ডলারের। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৬৫০ কোটি টাকা।

যদিও বৃহত্তম গন্তব্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে কী কী সেবাপণ্য রফতানি হচ্ছে, সে সংক্রান্ত কোনও সুস্পষ্ট তথ্য দেশটির সরকারি পরিসংখ্যানে পাওয়া যায় না। ঢাকার মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তাদের পক্ষ থেকেও সংশয় প্রকাশ করা হয়েছে।

প্রথম আলো পত্রিকা।

ছবির উৎস, BBC Bangla

ছবির ক্যাপশান, প্রথম আলো পত্রিকা।

ওপারে আবার মুহুর্মুহু গুলি, এপারে কষ্টে খেটে খাওয়া মানুষ’, এটি প্রথম আলো পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে, কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় মিয়ানমার সীমান্তের ওপারে আবারও গোলাগুলি শুরু হয়েছে এবং এতে এপারের সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাঝে চলমান সংঘাতে বাংলাদেশের সীমান্তবর্তী অন্তত ৩০টি গ্রামের খেটে খাওয়া মানুষ চরম ক্ষতির মুখে পড়েছেন। দশ দিনেরও বেশি সময় ধরে কাজকর্ম না থাকায় তারা সংসার চালাতে পারছেন না।

আয় না থাকায় বাধ্য হয়ে এইসব গ্রামের অন্তত এক লাখ মানুষ এখন তাদের ক্ষুদ্র সঞ্চয় ভেঙ্গে খরচ সামলানোর চেষ্টা করছেন। অনেকে আবার ঋণের কিস্তি পরিশোধের চাপেও পড়ছেন। এসব গ্রামের বাসিন্দাদের কেউ জেলে, মাছের আড়তের শ্রমিক, কেউ–বা দিনমজুর, চা-বিক্রেতা।

এদিকে সীমান্তের ওপারে গোলাগুলি বেড়ে যাওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন সীমান্ত এলাকার লোকজন। তবে সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সতর্ক পাহারায় আছে।

দ্য নিউ এজ পত্রিকা।

ছবির উৎস, BBC Bangla

ছবির ক্যাপশান, দ্য নিউ এজ পত্রিকা।

ডামি ভোটে ক্ষমতা দখল করে সরকার অহমিকা দেখাচ্ছে’, এটি নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার একটি খবর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র বক্তব্যকে শিরোনাম করে এতে বলা হয়েছে, “সাত জানুয়ারি জনগণের প্রত্যাখ্যাত নির্বাচন করে সরকার এখন আত্মঅহমিকা দেখাচ্ছে।”

সরকারের পদত্যাগ ও দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে পাঁচ দিনের জন্য লিফলেট বিতরণ কর্মসূচি শুরু বিএনপি। মঙ্গলবার সকালে রাজধানীর ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি শুরুর আগে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “তারা দখলদারিত্বের ক্ষমতা মানুষকে দেখাতে চাচ্ছে। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। এই সরকারের বিরুদ্ধে সবাই আজকে আন্দোলনে নেমেছে।”

সমকাল পত্রিকা।

ছবির উৎস, BBC Bangla

ছবির ক্যাপশান, সমকাল পত্রিকা।

এখনও আর্থিক হিসাবে বড় ঘাটতিতে দেশ’, এটি সমকাল পত্রিকার প্রথম পাতার খবর। আর্থিক হিসেবে বড় ঘাটতির কারণ হিসেবে বিদেশি ঋণের ছাড় না হওয়া, ঋণ পরিশোধ বেড়ে যাওয়া, বিনিয়োগ কমাসহ বিভিন্ন কারণকে দেখানো হয়েছে প্রতিবেদনটিতে।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের বৈদেশিক লেনদেন ভারসাম্যের হিসাব দিয়েছে। সেখানে দেখা গেছে, গত ডিসেম্বর শেষে আর্থিক হিসাবে ঘাটতি রয়েছে ৫ দশমিক ৩৯ বিলিয়ন বা ৫৩৯ কোটি ডলার। অথচ, গত বছরের একই সময়ে এ হিসাবে উদ্বৃত্ত ছিল ১৪ কোটি ডলার।

আর্থিক হিসাবের এত বড় ঘাটতির কারণে সামগ্রিক লেনদেনেও উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এদিকে সামগ্রিক লেনদেন পরিস্থিতির উন্নতির ওপর ডলার সংকটের সমাধানের অনেকটাই নির্ভর করছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা।

ছবির উৎস, BBC News

ছবির ক্যাপশান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা।
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

সুন্দরবনের খালে ভাসছিল বাঘের মরদেহ’, এটি আজকের পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়, সোমবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় বাঘটির মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা।

বর্তমানে বাঘটিকে বন বিভাগের কচিখালী স্টেশন কার্যালয়ে রাখা হয়েছে। বাঘের মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে প্রাণিসম্পদ বিভাগের একটি দল সুন্দরবনের উদ্দেশে রওনা দিয়েছে।

খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, “বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়া বাঘটি কীভাবে মারা গেল, বাঘের বয়সসহ অন্যান্য বিষয়গুলো বন বিভাগ অনুসন্ধান করবে।”

‘308 rivers lost navigability’, অর্থাৎ ৩০৮টি নদী নাব্যতা হারিয়েছে। এটি দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার খবর। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বরাত দিয়ে এতে বলা হয়েছে যে নাব্যতা হারানো নদীগুলোর বেশিরভাগই খুলনা ও ঢাকা বিভাগে।

প্রতিমন্ত্রী জানান, খুলনা বিভাগে ৮৭টি, ঢাকায় ৮৫টি, রংপুরে ৭১টি, ময়মনসিংহে ২৬টি, রাজশাহীতে ১৮টি, চট্টগ্রামে ১১টি, সিলেটে ১০টি নাব্যতা হারানো নদী রয়েছে।

দ্য ডেইলি স্টার পত্রিকা।

ছবির উৎস, BBC Bangla

ছবির ক্যাপশান, দ্য ডেইলি স্টার পত্রিকা।

JU failed to make campus women-friendly’, অর্থাৎ ‘নারীবান্ধব ক্যাম্পাস গড়তে ব্যর্থ হয়েছে জাহাঙ্গীরনগর’। এটিও দ্য ডেইলি স্টার পত্রিকার শেষ পাতার একটি খবর।

এখানে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি’র অনুসন্ধানে দেখা গেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বারবার যৌন হয়রানির ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ ক্যাম্পাসকে নারীবান্ধব করতে এখনও কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি।

গত তিন ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে এক নারী ধর্ষিত হয়। এ সময় তার স্বামী মীর মশাররফ হোসেন হলের একটি রুমে বন্দী ছিলেন।

এই ঘটনার পর তিন সদস্যের এক কমিটি গঠন করে ইউজিসি। ক্যাম্পাসে যৌন হয়রানির ঘটনায় জড়িত সব শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করেছে এই কমিটি।

কালের কণ্ঠ পত্রিকা।

ছবির উৎস, BBC Bangla

ছবির ক্যাপশান, কালের কণ্ঠ পত্রিকা।

‘Sexual violence goes unabated in public univs’ অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন সহিংসতা নিরবচ্ছিন্নভাবে চলে। এটি নিউ এজ পত্রিকার প্রথম পাতার খবর।

এতে বলা হয়েছে, সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্ষণ এবং যৌন হয়রানির সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটছে। এর মূল কারণ হলো প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয়।

সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে।

শিক্ষাবিদ ও অধিকারকর্মীদের মতে, এই পরিস্থিতির সমাধানের জন্য কঠোর নজরদারি, দ্রুত বিচার ও শাস্তির ব্যবস্থা, মানসিকতার পরিবর্তন, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং সচেতনতা প্রয়োজন।