আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
'ছাত্র জনতার স্বপ্নের যাত্রা'
সমকালের প্রধান শিরোনাম, ‘ছাত্র জনতার স্বপ্নের যাত্রা’।
প্রতিবেদনে বলা হচ্ছে, ছাত্র জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু করেছে অন্তবর্তীকালীন সরকার।
সতেরো সদস্যের উপদেষ্টা পরিষদের ১৪ জন বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বঙ্গভবনের শপথ নেন। বাতি তিন উপদেষ্টা পরে শপথে নেবেন।
ড. মুহাম্মদ ইউনূস কদিন আগেও শেখ হাসিনা সরকারের তোপের মুখে ছিলেন। তিনিই এখন নতুন সরকারের প্রধান উপদেষ্টা হলেন।
তার শপথের আগে দেশ সরকারহীন হয়ে পড়েছিল। অবশেষে ৭৯ ঘণ্টা পর এ পরিস্থিতির অবসান হলো।
ড. ইউনূস চিরচেনা গ্রামীণ চেকের ফতুয়া পরে শপথে নেন। তিনি বলেছেন মানুষকে রক্ষাই হবে সরকারের প্রধান কাজ।
শপথ অনুষ্ঠানে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা থাকলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের কাউকে দেখা যায়নি।
বঙ্গভবনের ফটক থেকে ফিরিয়ে দেয়া হয় আওয়ামী লীগের সাবেক মিত্র দল বিকল্পধারার নেতা মাহী বি চৌধুরীকে।
প্রায় সকল পত্রিকার প্রধান শিরোনামে স্থান পেয়েছে শপথ গ্রহণের খবর। পত্রিকাগুলোর প্রথম পাতার অন্যান্য গুরুত্বপূর্ণ খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।
আজকের পত্রিকার প্রথম পাতার খবর, ‘সব অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে’।
প্রতিবেদনে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার সব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনবো।”
এ ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংঘটিত করেছে, তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শিগগির উপযুক্ত শাস্তি দেওয়া হবে। দেশের সব মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও নানা কর্মক্ষেত্রের জন্য তা প্রযোজ্য হবে বলে তিনি জানান।
ড. ইউনূস বলেছেন, ‘সব অপরাধীর বিচার করা হবে।’ অরাজকতার বিষবাষ্প যারা ছড়াবে, তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে, গতকাল দেশে ফিরে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আপনারা যদি আমার ওপর বিশ্বাস রাখেন, আমার ওপর ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে এদেশে কোনো জায়গায় কারও ওপর হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব।”
দেশ রূপান্তরের প্রথম পাতার খবর, ‘মোদির শুভেচ্ছা স্থিতিশীলতার আশা যুক্তরাষ্ট্রের’।
প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার রাতে ড. ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর টুইট করেন মোদি। এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ড. ইউনূসকে শুভেচ্ছা জানান তিনি।
সেই সঙ্গে দুই দেশের নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।
মোদি লিখেছেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন তিনি।
এদিকে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার স্থানীয় সময় গত বুধবার এ কথা জানান।
নিউ এইজের প্রথম পাতার খবর, ‘Sajeeb makes U-turn, says Hasina to return home’। এতে বলা হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার হলে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ।
ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এমনটা জানা যায়।
গত সোমবার তার মা, ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মধ্যে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। সে সময় সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরে আসবেন না।
তবে এখন তিনি সেই মন্তব্য থেকে সরে দাঁড়িয়েছেন। জানান, “গত দুই দিনে সারাদেশে আমাদের নেতা-কর্মীদের ওপর ক্রমাগত হামলার কারণে অনেক কিছু বদলে গেছে।’’
তবে শেখ হাসিনা 'অবসরপ্রাপ্ত না সক্রিয়' রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশে ফিরবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাথে এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন যে তার মা এতটা কঠোর পরিশ্রমের পরেও একদল লোক তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এতে তিনি হতাশ হয়েছেন।
যুগান্তরের প্রথম পাতার খবর, ‘সারা দেশে চলছে লুটতরাজ’।
প্রতিবেদনে বলা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে অস্বাভাবিক অবস্থা তৈরি হওয়ার পর গত দুই সপ্তাহ ধরেই ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করছে অপরাধী চক্র।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ এসেছে এক লাখের বেশি। যারা ডাকাতি করছে তাদের বেশিরভাগ টোকাই এবং উঠতি বয়সি।
চক্রের সদস্যরা চুরি, ডাকাতি ও ছিনতাইয়ে তৎপর হয়ে পড়েছে। ৫ই মে প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পর সুযোগসন্ধানীরা অধিকতর তৎপর হয়ে ওঠে। উত্তেজিত জনতা থানা এবং পুলিশি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করলে ঢাকাতেই অন্তত ৮০ পুলিশ সদস্য নিহত হন।
প্রাণ বাঁচাতে আত্মগোপনে চলে যান পুলিশ সদস্যরা। আক্রান্ত হয় দেশের প্রায় ৪০০ থানা। বন্ধ হয়ে যায় অনেক থানার কার্যক্রম। এই সুযোগে বেপরোয়া হয়ে ওঠে পেশাদার অপরাধী ও মহলবিশেষ।
এদের রুখতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের পাড়া-মহল্লায় গড়ে তোলা হয়েছে ডাকাত প্রতিরোধ কমিটি। মসজিদে মসজিদে করা হচ্ছে মাইকিং। পাশাপাশি দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা। খবর সংশ্লিষ্ট সূত্রের।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় শক্ত অবস্থান গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
প্রথম আলোর প্রথম পাতার খবর, ‘নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ, এখনো চালু হয়নি থানা’।
প্রতিবেদনে বলা হচ্ছে, পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানানো হলেও দেশের থানাগুলো এখনো চালু করা যায়নি।
নিজের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনো চিন্তিত; তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না। এমতাবস্থায় ঢাকাসহ অন্যান্য এলাকার থানাগুলো শিগগির পুরোদমে চালু করা যাচ্ছে না।
পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তাবোধ ফিরে না আসা পর্যন্ত তাদের কর্মস্থলে আনা একটা চ্যালেঞ্জ।
অবশ্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান যত দ্রুত সম্ভব থানায় বসে কাজ শুরু করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। অন্তত চেয়ার–টেবিল বসিয়ে দ্রুত মানুষকে সেবা দেওয়া শুরু করতে বলেছেন তিনি।
তবে ঢাকার থানাগুলোয় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এখন যে অবস্থা, তাতে কার্যক্রম চালু করতে সময় লাগবে।
মামলা নথিবদ্ধ করার কম্পিউটার, পুলিশ সদস্যদের যানবাহন, অস্ত্র ও রসদ সামগ্রী, চেয়ার ও টেবিলসহ যা যা ক্ষতি হয়েছে, তার তালিকা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অস্ত্র ও মালামাল লুটের ঘটনাও ঘটেছে। অনেক পুলিশ সদস্য হতাহত হন। এরপর সারা দেশের থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়ে। বর্তমানে থানাগুলো পাহারার দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা।
বণিক বার্তার প্রথম পাতার খবর, ‘বড় ধরনের বিশৃঙ্খলার মুখে ব্যাংক খাত’।
প্রতিবেদনে বলা হচ্ছে, অর্থনীতির ‘হৃৎপিণ্ড’ হিসেবে পরিচিত দেশের ব্যাংক খাতে বড় ধরনের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে।
অন্তত তিনটি বেসরকারি ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয়ও হট্টগোল হচ্ছে। গভর্নরসহ শীর্ষ কর্মকর্তাদের অনুপস্থিতিতে খোদ বাংলাদেশ ব্যাংকেও শৃঙ্খলা ফেরেনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, অভিভাবকশূন্য হয়ে যাওয়ার কারণেই ব্যাংক খাতে এতটা অস্থিরতা তৈরি হয়েছে।
অর্থনীতিবিদ ও ব্যাংক নির্বাহীরা বলছেন, সীমাহীন অনিয়ম-দুর্নীতির কারণে দেশের ব্যাংক খাতের অবস্থা এমনিতেই নাজুক।
ঋণের নামে অর্থ লোপাটের কারণে বেশির ভাগ ব্যাংকের ভিত একেবারেই দুর্বল হয়ে গেছে।
আতঙ্কিত গ্রাহক আমানতের টাকা তুলে নিতে শুরু করলে দেশের অনেক ব্যাংকই দেউলিয়া হয়ে যাবে।
এক্ষেত্রে নতুন সরকারের প্রধান দায়িত্ব হবে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এক্ষেত্রে তাদের পরামর্শ, বাংলাদেশ ব্যাংকে লিখিতভাবে যার যার অভিযোগ জানানো। গভর্নর নিয়োগের পর কেন্দ্রীয় ব্যাংক নিশ্চয়ই অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।
নয়া দিগন্তের প্রথম পাতার খবর, ‘দুর্নীতির অর্থ সরানোর চেষ্টা হলেই ব্যবস্থা’।
প্রতিবেদনে বলা হচ্ছে, বর্তমান পরিবর্তিত পরিস্থিতে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ যেন ব্যাংক থেকে সরাতে না পারে সেজন্য ব্যাংকারদের কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)।
সংস্থাটি বলেছে, সন্দেহজনক লেনদেন বা অর্থ উত্তোলন করতে চাইলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করতে হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। প্রয়োজনে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করতে হবে।
স্বজনপ্রীতির মাধ্যমে ব্যাংক থেকে কারও টাকা সরানোর সহযোগিতার প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
গতকাল সব রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর চিফ অ্যান্টি-মানি লন্ডারিং অফিসারদের সাথে বৈঠকে এ সতর্কবার্তা দিয়েছে বিএফআইইউ।
প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন যারা দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থের মালিক হয়েছেন তারা হঠাৎ হাসিনার পতনের পরপরই তারা টাকা সরাতে ব্যস্ত হয়ে পড়তে পারেন।
শেখ হাসিনা সরকারের পতনের শেষ মুহূর্তে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমদ বিপুল অঙ্কের টাকা উত্তোলন করে নিয়ে যান।
একই সাথে ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান দেশ থেকে চলে যাওয়ার আগে বিপুল অঙ্কের অর্থ ব্যাংক থেকে তুলে নিয়ে যায়।
আর এ কাজ ব্যাংক কর্মকর্তা ও কেন্দ্রীয় ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না বলে অভিযোগ উঠেছে।
কালের কণ্ঠের প্রথম পাতার খবর, ‘অর্থনীতির স্বার্থে ব্যবসা-বাণিজ্যে দ্রুত গতিশীলতা প্রয়োজন’।
প্রতিবেদনে বলা হচ্ছে, বর্তমানে দেশের অর্থনীতির প্রায় সব সূচকের অবস্থাই নাজুক।
এ অবস্থায় দেশ সচল করতে অর্থনীতিতে দ্রুত গতিশীলতা আনাই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম লক্ষ্য হবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।
যদিও এটি করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কেননা অর্থনীতিতে লম্বা সময় ধরেই চলছে সংকট।
গত কয়েক দিনের সহিংসতায় দেশের ব্যবসা-বাণিজ্যের আরো বড় ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
মঙ্গলবার থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ও অফিস-আদালত চালু হলেও নিরাপত্তা শঙ্কায় অনেক প্রতিষ্ঠান এখনো তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি।
একইভাবে নিরাপত্তাঝুঁকিতে শিল্প-কারখানা পুরোপুরি চালু করা যায়নি। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ও কাস্টমসের কার্যক্রমে রয়েছে ধীরগতি। এ কারণে ব্যাহত হচ্ছে বাণিজ্য।
বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি। বিঘ্নিত হচ্ছে দেশে সামগ্রিক সরবরাহ ব্যবস্থা। সংকুচিত হচ্ছে রপ্তানি কার্যক্রম।
এদিকে কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী বিভিন্ন স্থানে জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও কলকারখানায় হামলা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
এক্ষেত্রে নতুন সরকারের কাছে ব্যবসা-বাণিজ্যে নিরাপত্তা দাবি করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।