'রিজার্ভ পতনে বিপর্যয়ের মাস সেপ্টেম্বর'

বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি নিয়ে বণিক বার্তার খবরের শিরোনাম রিজার্ভ পতনে বিপর্যয়ের মাস সেপ্টেম্বর। খবরে বলা হচ্ছে এ বছরের সেপ্টেম্বরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ২ বিলিয়ন ডলার।
বাংলাদেশে এক মাসের ব্যবধানে রিজার্ভের এত বড় ক্ষয় এর আগে দেখা যায়নি বলে বলা হচ্ছে প্রতিবেদনে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যের বরাত দিয়ে এই খবরে বলা হচ্ছে, ২০২১ সালের অগাস্টের পর থেকে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ কমেছে। প্রতি মাসে গড়ে এক বিলিয়ন ডলার হারে রিজার্ভ কমতে থাকলেও সেপ্টেম্বরে প্রথমবারের মত রিজার্ভ দুই বিলিয়ন ডলার কমেছে।
বিশেষজ্ঞরা বলছেন, মাত্র এক মাসের ব্যবধানে রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার কমে যাওয়া মোটেও ভালো লক্ষণ নয়। শর্ত পূরণে ব্যর্থতার কারণে আইএমএফের প্রতিশ্রুত ঋণের দ্বিতীয় কিস্তি স্থগিত করে দেয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে দেশের রিজার্ভ বিপর্যয় আরো তীব্র হবে।
খবরে আরো উঠে এসেছে রিজার্ভের এই পরিস্থিতির মধ্যেই দেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়েও বড় পতন দেখা গেছে সেপ্টেম্বরে। গত মাসে দেশে রেমিট্যান্স ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার এসেছে, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানবজমিনের প্রতিবেদনের শিরোনাম চাপে কাবু অর্থনীতি। দেশের রেমিট্যান্স প্রবাহ, রপ্তানি আয়, ডলার সংকট, খেলাপি ঋণ ইত্যাদি নানা বিষয়ের টানাপোড়েনের চিত্র উঠে এসেছে এই প্রতিবেদনে।
অর্থনীতি বিশ্লেষকদের বরাত দিয়ে এই খবরে বলা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক বাণিজ্যের চাপ, অর্থিক খাতের ঝুঁকি, দুর্বল মুদ্রানীতি, আমদানির ওপর শুল্ক আরোপ, দুর্বল রাজস্ব আদায় ব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর মধ্যে অন্যতম চ্যালেঞ্জ বলা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে।
খবরে উঠে এসেছে দেশের রিজার্ভ প্রতি মাসে প্রায় এক বিলিয়ন ডলার করে কমছে। খেলাপি ঋণ রেকর্ড এক লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে যা মোট ঋণের ১০ শতাংশেরও বেশি।
পাশাপাশি ডলারের দাম বাংলাদেশ ব্যাংক ১১৩ টাকা ৩০ পয়সায় বেঁধে দিলেও খোলা বাজারে ১২০ টাকা বা তারও বেশি দামে ডলার কিনতে হচ্ছে মানুষের।
বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে বলা হচ্ছে যে সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহেও ধ্বস নেমেছে। একইসাথে কমছে রপ্তানি আয়।
এই পরিস্থিতিতে সরকার মূল্যস্ফীতি ছয় শাতংশে বেঁধে রাখার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মূল্যস্ফীতি তার দ্বিগুণের বেশি। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের বরাত দিয়ে খবরে বলা হচ্ছে যে গত অগাস্টে খাদ্য মূল্যস্ফীতি উঠেছে ১২.৫৪ শতাংশ, যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।
দ্রব্যমূল্য নিয়ে যুগান্তরের প্রতিবেদন আলু পেঁয়াজের দাম কার্যকরের চেষ্টা চলছে। শুক্রবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর এক বক্তব্যে বলেছেন যে সরকার যে লক্ষ্য নিয়ে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারন করে দিয়েছিল তা অর্জন হয়নি।
লক্ষ্য অর্জন না হওয়ার পেছনে ব্যবসায়ীদের অসততা, সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর মত বিষয়গুলো তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
আরো পড়তে পারেন

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
রাজনৈতিক পরিস্থিতি ঘিরে সমকালের খবর জামিনেও মুক্তি মেলে না বিএনপি নেতাদের। বিএনপি নেতা-কর্মীদের হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশনা থাকার পরও নিম্ন আদালত সেই নির্দেশনা মানছেন না বলে বলা হচ্ছে এই প্রতিবেদনে।
খবরে বলা হচ্ছে জামিনে মুক্তি পাওয়ার পরই নতুন মামলায় আবার আটক দেখানো হচ্ছে বিএনপি সংশ্লিষ্টদের। অনেক সময় মুক্তি পাওয়ার পর জেলগেট থেকেই তাদের আটক করা হচ্ছে পুরোনো মামলার ‘অজ্ঞাত’ আসামী হিসেবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করছেন যে যেভাবেই হোক সরকার বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিয়ে ক্ষমতায় থাকার লক্ষ্যে তাদের কর্মীদের বিরুদ্ধে এই ধরণের হয়রানিমূলক আচরণ করছেন।
মির্জা ফখরুলের মন্তব্যকে ঘিরে নয়া দিগন্তের প্রতিবেদন জনগণ সরকারকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাবে। ঢাকায় এক সমাবেশে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে এই মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতিকে ‘মিথ্যা আশ্বাস’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।
সরকার গত ১৫ বছরে বিএনপির ৪৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া সহ ছয়শো’র বেশি নেতার্মীকে গুম করেছে বলেও অভিযোগ তোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির এক দফা আন্দোলন নিয়ে যুগান্তরের শিরোনাম বিএনপির মূল টার্গেট ঢাকা। বিএনপির দ্বিতীয় ধাপের আন্দোলনের টানা কর্মসূচির শেষদিন ১৮ই অক্টোবর ঢাকায় জনমসমাবেশে সরকারকে আল্টিমেটাম দেয়া হতে পারে বলে বলা হচ্ছে এই প্রতিবেদনে।
সেই আল্টিমেটাম না মানা হলে ঢাকা কেন্দ্রিক কঠোর কর্মসূচি নিতে পারে বিএনপি। সেসব কর্মসূচি সফল করতে ঢাকার আশেপাশের গাজীপুর, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ জেলাকে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার আশেপাশের এই জেলাগুলোর পূর্ণাঙ্গ কমিটিও দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে।
বিএনপির আন্দোলনকে ঘিরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্য ঘিরে নিউ এজের প্রতিবেদনের শিরোনাম BNP’s movement threat turns into mockery.। সরকার পতনের দাবিতে বিএনপির আল্টিমেটামকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন আর রোডমার্চের নামে মানুষের মধ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলেও মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের মন্তব্য ধরে বণিকবার্তার খবরের শিরোনাম আমাকে অবাধ নিরপেক্ষ নির্বাচন শেখাতে হবে না। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর থেকে ফিরে গণভবনে শুক্রবার সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, নির্বাচন, বিএনপির আন্দোলন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে তত্বাবধায়ক সরকারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে সফরে তার সাথে তত্বাবধায়ক ইস্যুতে কারো কোনো কথা হয়নি।
ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন নিয়ে কালের কণ্ঠের প্রতিবেদন বদলে যাচ্ছে বিমানবন্দর। তৃতীয় টার্মিনালের উদ্বোধনে (সফট ওপেনিং) উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পরই রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তৃতীয় টার্মিনাল ব্যবহার করে ঢাকা ত্যাগ করব বলে বলা হচ্ছে প্রতিবেদনে।
গত কয়েকদিনের বৃষ্টি ও জলাবদ্ধতা নিয়ে ইত্তেফাকের শিরোনাম রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন দেশের ১৪ জেলা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতে দুর্ভোগ তৈরি হওয়ার চিত্র উঠে এসেছে এই প্রতিবেদনে।
খবরে বলা হচ্ছে ময়মনসিংহে গত ৫২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত তিনদিনে। এই সময়ের মধ্যে সেখানে বৃষ্টি হয়েছে ৩৭৮ মিলিমিটার। এর আগে ১৯৭১ সালে ময়মনসিংহে ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ঢাকায় তিনদিনে বৃষ্টি হয়েছে ১২৬ মিলিমিটার। আবহাওয়াবিদদের বরাত দিয়ে বলা হচ্ছে যে দুইটি স্থল নিম্নচাপ একসাথে শক্তিশালী হয়ে ওঠায় গত কিছুদিন ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। দেশের কিছু কিছু অঞ্চলে এই বৃষ্টি আরো দুই থেকে তিনদিন চলতে পারে বলেও উঠে এসেছে প্রতিবেদনে।








