ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলার হত্যা তদন্তে সহায়তা দেবে না ইসরায়েল

শিরিন আবু  আকলাকে মাথায় গুলি করা হয়।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, শিরিন আবু আকলাকে মাথায় গুলি করা হয়।
Published

ইসরায়েল বলছে, ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলার মৃত্যুর বিষয়ে তারা বাইরের কোন তদন্তে সহযোগিতা করবে না।

প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেন, ঐ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র ভুল করছে। গত মে মাসে অধিকৃত পশ্চিম তীরে একটি অভিযান কভার করার সময় শিরিন আবু আকলাকে মাথায় গুলি করে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, তিনি ইসরায়েলি সৈন্যদের হাতে গুলিবিদ্ধ হন, এবং একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, এরকম সম্ভাবনা খুব বেশি যে তাদের কোন একজন সৈন্য তাকে হত্যা করেছে।

সোমবার, মার্কিন মিডিয়া আউটলেট অ্যাক্সিওস জানিয়েছে, মার্কিন বিচার বিভাগ ইসরায়েলের বিচার মন্ত্রণালয়কে জানিয়েছে যে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) মিজ আবু আকলার মৃত্যুর তদন্ত শুরু করেছে।

শিরিন আবু আকলার মরদেহ নিয়ে হাসপাতালে তার সহকর্মীরা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শিরিন আবু আকলার মরদেহ নিয়ে হাসপাতালে তার সহকর্মীরা।

পরে মি. গ্যান্টজ বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি "পেশাদার, স্বাধীন তদন্ত" পরিচালনা করেছে যার ফলাফল মার্কিন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মিজ আবু আকলা আরব বিশ্বের সাংবাদিকতায় অন্যতম পরিচিত মুখ।

গত ১১ই মে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান কভার করার সময় নিহত হন।

সেখানে তখন ইসরায়েলি সৈন্য এবং ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে বন্দুক যুদ্ধ চলছিল।

হত্যার সময় তার মাথায় ছিল একটি হেলমেট এবং পরনে ছিল নীল রঙের একটি ফ্ল্যাক জ্যাকেট যাতে "প্রেস" লেখা ছিল।

প্রত্যক্ষদর্শী এবং ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন যে তিনি ইসরায়েলি সৈন্যদের হাতেই গুলিবিদ্ধ হন।

ইসরায়েলি পুলিশের দিকে বিজয় চিহ্ন দেখাচ্ছেন এক ফিলিস্তিনি বিক্ষোভকারী।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইসরায়েলি পুলিশের দিকে বিজয় চিহ্ন দেখাচ্ছেন এক ফিলিস্তিনি বিক্ষোভকারী।
 শিরিন আবু আকলার হত্যার পর থেকেই চলছে ফিলিস্তিনি বিক্ষোভ।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শিরিন আবু আকলার হত্যার পর থেকেই চলছে ফিলিস্তিনি বিক্ষোভ।

জাতিসংঘ এবং মিডিয়া আউটলেটগুলির একাধিক তদন্ত থেকেও একই ফলাফল পাওয়া যায়। যুক্তরাষ্ট্র সরকারের একটি পর্যালোচনায় আরও দেখা গেছে যে ইসরায়েলি সেনারাই তার দিকে প্রাণঘাতী বুলেটটি ছুঁড়েছিল।

এরপর সেপ্টেম্বর মাসে আইডিএফ’র একজন কর্মকর্তা বলেছিলেন, শিরিন আবু আকলা "ভুলবশত একজন আইডিএফ সৈন্যের হাতে গুলিবিদ্ধ হয়েছেন, এবং ঐ সৈন্য তাকে একজন সাংবাদিক হিসাবে চিহ্নিত করতে পারেনি" এমন সম্ভাবনা খুব বেশি।

তবে ঐ কর্মকর্তা উল্লেখ করেন, “সৈন্যরা যে লড়াইয়ের পরিবেশের মধ্যে ছিল আমি তার ওপর জোর দিতে চাই। তারা একটি সুরক্ষিত যানের ভেতরে ছিল যার ওপর বিভিন্ন দিকে থেকে গুলিবর্ষণ করা হচ্ছিল।"

কিন্তু মিজ আবু আকলাকে গুলি করার মুহূর্তের যে ভিডিও পাওয়া গেছে, সেখানে সাংবাদিক ও জনতার ভিড় যেদিকে ছিল, সেদিকে জঙ্গিদের গুলি চালানোর প্রমান পাওয়া যায় না।

ইসরায়েলি সৈন্যরা ২০০ মিটার দূরে ছিল বলে মনে করা হয়, এবং ভিডিও ফুটেজে যেখানে সাংবাদিকরা হাঁটছিলেন তার দিকে কয়েক মিনিট ধরে গুলি চলতে দেখা যায়।

শিরিন আবু আকলা জেরুজালেমে জন্মগ্রহণ করেন। কিন্তু পরে কিছু সময় তিনি যুক্তরাষ্ট্রে কাটান এবং মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন।

তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত কভার করে, বিশেষত আল জাজিরার আরবি নিউজ চ্যানেলের জন্য।