আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে'
যুগান্তর পত্রিকার আজকের শীর্ষ খবর- হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে।
খবরে গােয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হচ্ছে, একটি কুচক্রী মহল প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও, অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া তারা।
এই সংবাদে বলা হচ্ছে, চব্বিশের গণ-অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি-বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে।
প্রধান লক্ষ্য-যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করা।
প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরোনো চেহারায় ফিরিয়ে আনা।
ইতোমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে।
তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বণিক বার্তা পত্রিকার আজকের প্রধান খবর- দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা।
এ খবরে বলা হয়েছে, ঢাকায় হাসপাতালভেদে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার শুরুর দিকে ১৮ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা বেতন পান। ফলে এমবিবিএস সম্পন্নের পর একজন নবীন চিকিৎসককে অর্থ সংকটে থাকতে হয়।
বাংলাদেশের একজন চিকিৎসক গড়ে বার্ষিক তিন লাখ টাকা বেতন পান, যা একজন নার্সের ক্ষেত্রে এক লাখ ৯০ হাজার টাকা।
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় দেশের স্বাস্থ্যসেবা খাতের গুরুত্বপূর্ণ এ দুই পেশাজীবীর বেতন বেশ কম।
উন্নত বিশ্বের চিকিৎসক-নার্সদের বেতনের সঙ্গে তুলনা করলে বেতনের এ ফারাক আরো বেশি। সম্প্রতি এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।
এ কারণে তরুণ ও দক্ষ চিকিৎসক এবং নার্সদের বিদেশমুখী হওয়ার প্রবণতা বাড়ছে, যা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় সংকট তৈরি করছে বলে মনে করেন স্বাস্থ্যসেবা খাতসংশ্লিষ্ট এবং বিশেষজ্ঞরা।
মানবজমিন পত্রিকার আজকের খবর- নিরাপত্তা নিয়ে উদ্বেগে গ্রামের ভোটাররা।
এই খবরে বলা হচ্ছে, ২৩০৮ ভোটের গ্রাম কাটাখালী। ৭৫১ পরিবারের বসবাস। অধিকাংশই কৃষক, দিনমজুর, শ্রমিক। গ্রামে একটি মাত্র স্কুল। কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়।
একটু দূরেই কাটাখালী বাজার। বাজারের পূর্বপাশে আলম উদ্দিনের চায়ের দোকান। সেখানে গল্পে মজেছেন পঞ্চাশোর্ধ্ব ১০ থেকে ১২ জন ব্যক্তি।
তাদের আলোচনার বিষয় নির্বাচন, রাজনীতি। স্কুল শিক্ষক মোসলেহ উদ্দিন বলেন, আমার ধারণা এই সরকার নির্বাচন ঠিক সময়ে দিবে না। তারা শুধু নির্বাচনের আশা দেখাচ্ছে।
হায়দার আলী নামের আরেক ব্যক্তি তখন বলে ওঠেন, গত ১০ মাস ধরে রাজনৈতিক দলগুলো মিটিং করছে। ঐকমত্যের মিটিং। কিন্তু ফলাফল জিরো। তারা নিজেরাই এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
ত্রিশাল সদর ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় কথা হয় রাকিব আহমেদ নামের এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক হয়নি। প্রকাশ্যে মানুষের ঘরবাড়ি লুট হলেও ফোন করে পুলিশ আনা যায় না।
আগে গ্রামে ও ইউনিয়নে প্রতিদিন পুলিশ ঘোরাঘুরি করতো। যার ক্ষমতা আছে, সে চাইলে দখল, মারধর, লুটপাট করে যাচ্ছে। ঠেকানোর মতো কেউ নেই।
এমন অবস্থা আগে কখনো হয়নি।
এই অন্তর্বর্তী সরকার এক বছরেও মানুষের জীবন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এই প্রশাসন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিতে পারবে না। আগে মানুষ পুলিশকে ভয় পেতো আর এখন পুলিশ মানুষকে ভয় পায়। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে?
দ্য ডেইলি স্টার পত্রিকার আজকের প্রতিবেদন- Rohingya crisis: Yunus lays out 7-point plan at UN conference।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য সাত দফা পরিকল্পনা প্রস্তাব করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রত্যাবাসনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ গ্রহণ এবং মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশটি।
জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সম্মেলনে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, সংকট নিরসনে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে।
"রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে। এর সমাধানও সেখানে," মন্তব্য করেন তিনি।
একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর "কার্যকর চাপ" সৃষ্টি করতে হবে, যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করে এবং দ্রুত প্রত্যাবাসন শুরু করে।
"এটাই একমাত্র সমাধান। মিয়ানমারের বৃহত্তর সংস্কারের অজুহাতে এই সংকটকে জিম্মি করে রাখা উচিত নয়।"
প্রথম আলো পত্রিকার আজকের প্রথম পাতার খবর- খাগড়াছড়ি থমথমে, অবরোধ স্থগিত- 'আমার ছেলে তো রাজনীতি করে না, মরতে হলো কেন'।
খবরে বলা হচ্ছে, জিপচালক থৈইচিং মারমার (২২) সাদাসিধে জীবন। স্ত্রী, ভাই ও মা-বাবাকে নিয়ে সংসার।
বিয়ের সাড়ে তিন বছর পর অন্তঃসত্ত্বা স্ত্রী টুনি মারমা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ও কাছাকাছি। এ নিয়ে পরিবারে আনন্দের বন্যা বইছিল। কিন্তু সেই আনন্দ এখন বিষাদে ছেয়ে গেছে।
গত রোববার খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার সময় গুলিতে প্রাণ হারানো তিনজনের একজন থৈইচিং। গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারের বটতলপাড়ায় গিয়ে দেখা যায়, তাঁকে হারিয়ে মুষড়ে পড়েছে পুরো পরিবার।
পাহাড়ি এলাকায় সড়কের পাশে আধা পাকা বাড়ি থৈইচিংয়ের। সাজেক রুটে জিপ চালাতেন তিনি। বাড়ির সামনে রাখা আছে সে জিপও। শুধু থৈইচিং নেই।
সোমবার মধ্যরাতে থৈইচিংয়ের দাহ সম্পন্ন হয়। তাঁর বাবা হলাচেই মারমার প্রশ্ন, 'আমার ছেলে তো রাজনীতি করে না, তবু কেন মরতে হলো?'
নিউ এইজ পত্রিকার আজকের প্রথম পাতার খবর- Chikungunya patients rising amid lack of testing facilities।
এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশে যখন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই, ঠিক সেই সময় চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যাও বাড়তে শুরু করেছে। বিশেষ করে ঢাকায় এ পরিস্থিতি একটি গুরুতর জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে।
অনেক মানুষ চিকুনগুনিয়ার উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলেও, আধুনিক ডায়াগনস্টিক সুবিধার অভাব এবং বিদ্যমান পরীক্ষার উচ্চ খরচের কারণে এ রোগ শনাক্তকরণ সীমিত রয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা স্বীকার করেছেন, দেশে কোনো সরকারি হাসপাতালেই বর্তমানে চিকুনগুনিয়া শনাক্তের জন্য পিসিআর বা আরটি-পিসিআর ল্যাব নেই। যদিও দুটি জনস্বাস্থ্য ইনস্টিটিউট এ প্রযুক্তি ব্যবহার করছে।
চিকুনগুনিয়া হলো একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ, যা এডিস ইজিপ্টাই ও এডিস অ্যালবোপিকটাস মশার মাধ্যমে ছড়ায়, এই একই মশা ডেঙ্গুরও বিস্তার ঘটায়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার আজকের শীর্ষ খবর- Rooppur Nuclear Power Plant set for December trial run।
এ খবরে বলা হয়েছে, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে পাবনা জেলায় অবস্থিত এ কেন্দ্রের একটি ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রিঅ্যাক্টর চলতি বছরের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হবে।
এর মাধ্যমে রাশিয়ার সহায়তায় নির্মিত এই বৃহৎ প্রকল্প প্রথমবারের মতো বাস্তব পরীক্ষায় উত্তীর্ণ হবে।
এবং বাংলাদেশ যোগ দেবে বিশ্বের ৩১টি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদক দেশের অভিজাত ক্লাবে, যা একটি উন্নয়নশীল দেশের জন্য বিরল অর্জন।
কালের কণ্ঠ পত্রিকার আজকের প্রধান খবর- সংকটে বেসামাল পোশাক খাত। এই খবরে বলা হচ্ছে, দেশের রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্পে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।
রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব, ঋণের বোঝা, শ্রমিক অসন্তোষসহ আরো কিছু সমস্যায় টালমাটাল এই খাত। এতে বেকার হয়ে পড়ছেন লাখো শ্রমিক।
শুধু পোশাক খাত নয়, অন্যান্য খাতের কারখানাও বন্ধ হচ্ছে।
কারখানা বন্ধ হওয়া এবং শ্রমিকের চাকরি হারানোর প্রবণতা দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
একই সময়ে নতুন কারখানা চালুর আশাব্যঞ্জক প্রবণতা দেখা গেলেও তা সংকট কাটানোর মতো পর্যাপ্ত নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাঁদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, শ্রমিকদের স্বার্থ রক্ষা করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার কৌশল পুনর্গঠন করা দরকার।
অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত ধাক্কা খেতে পারে।
নয়া দিগন্ত পত্রিকার আজকের প্রথম পাতার খবর- আ'লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না- মেহদি হাসানের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক মেহদি হাসানের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় সংস্কার, রোহিঙ্গা সঙ্কট, নির্বাচন প্রস্তুতি, অর্থনীতি ও পররাষ্ট্রনীতির নানা দিক নিয়ে খোলামেলা মতামত প্রকাশ করেছেন।
গত সোমবার রাতে হাসানের মিডিয়া কোম্পানি জেটিও কথোপকথনের পাঁচ মিনিটের একটি ক্লিপ প্রচার করে। এই সাক্ষাৎকারের এক অংশে মেহদি হাসান প্রশ্ন করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে যাবে কি না?
ড. ইউনূস বলেন, "দলটি এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, তবে তারা একটি দল হিসেবে বৈধ থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি, এর রাজনৈতিক কর্মকাণ্ড কেবল স্থগিত করা হয়েছে।"
তিনি বলেন, "এটি ভুল সমালোচনা কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। তাদের কার্যক্রম কেবল স্থগিত করা হয়েছে। অর্থাৎ তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না।"
ইউনূস অভিযোগ করেন যে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে।