'পানির দাম ২৪-১৪৭% বাড়ানোর উদ্যোগ'

ছবির উৎস, BBC Bangla
পানির দাম ২৪-১৪৭% বাড়ানোর উদ্যোগ – দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম এটি। খবরে বলা হচ্ছে আবারও পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা। এবার গ্রাহকদের আর্থিক সামর্থ্য অনুযায়ী পানির দাম বাড়াতে চায় সংস্থাটি।
রাজধানীর পানি ও পয়ঃনিষ্কাশন সেবার দায়িত্বপ্রাপ্ত এই সংস্থা লাভজনক হওয়ার পরও শ্রেণিভেদে ২৪ থেকে ১৪৭ শতাংশ পানির দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
এটা করা হলে ঢাকার প্রায় ৮৫ শতাংশ মানুষের পানির দাম বাড়বে। আর ১৫ শতাংশ নিম্ন-আয়ের মানুষের পানির দাম কমতে পারে। সবমিলিয়ে ঢাকা ওয়াসার কয়েক গুণ আয় বাড়বে। সংস্থাটি এবার আরও লাভ বাড়িয়ে শেয়ারবাজারে ঢুকতে চায়।
‘Independents’ were allowed to race to protect democracy – শেখ হাসিনার এমন বক্তব্য দিয়ে শিরোনাম ডেইলি স্টারের। এতে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবনে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বলেন, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে তার দলের সদস্যদের স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার সুযোগ দেয়ার তার সিদ্ধান্ত দরকার ছিল গণতন্ত্রকে রক্ষার জন্য।
তিনি বলেন, “যদি নির্বাচন সবার জন্য (আওয়ামী লীগ সদস্যদের) উন্মুক্ত না থাকতো তাহলে, শুধু নির্বাচন নিয়েই প্রশ্ন উঠতো না, আমাদের গণতন্ত্রও চুরি করে নিয়ে যাওয়া হত। আর উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের যে লক্ষ্য সেটাও থমকে যেত।”
এদিকে সংবাদের খবর, উপজেলা নির্বাচন ‘উন্মুক্ত’, কোনো সংঘাত চাই না: শেখ হাসিনা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ‘প্রার্থীতা উন্মুক্ত’ করে দেয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নিজ নিজ যোগ্যতা প্রমাণের আহ্বান জানিয়েছেন তিনি। তবে ওই নির্বাচনে যেন কোনো সংঘাত না হয় সে বিষয়েও সবাইকে সতর্ক করেছেন দলীয় প্রধান।
End of বিবিসি বাংলায় আরও পড়ুন:

ছবির উৎস, BBC Bangla
বাজেটে বড় কাটছাঁট হচ্ছে – কালের কন্ঠের খবর। এতে বলা হয় দেশের আর্থিক খাতে সৃষ্ট টানাপড়েনের কারণেই চলতি অর্থবছরের বাজেটে বড় আকারের কাটছাঁট করা হচ্ছে। যদিও সরকার অর্থনৈতিক সংকট কাটাতে আগে থেকেই কৃচ্ছ্রসাধনের পথে হাঁটছে।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
বর্তমান বাস্তবতায় কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আয় না হওয়ায় বাজেট বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। চলমান পরিস্থিতিতে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে ব্যয় ৬০ হাজার কোটি টাকা কমানো হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
না বুঝেই বেশি ব্যাংক দেয়া হয়েছে – বণিক বার্তার শিরোনাম। নীতির ভুলের কারণে একই পরিবার ও গ্রুপের কাছে কয়েকটি ব্যাংকের মালিকানা চলে গেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
তিনি বলেছেন, ব্যাংক খাত অত্যন্ত সংবেদনশীল জায়গা। অর্থনীতির সঙ্গে এটি জড়িত। এটি এমন জিনিস না যে ভুল করে শিখতে থাকব। না বুঝেই বেশি ব্যাংক অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে গতকাল ‘ব্যাংকিং অ্যালমানাক’ গ্রন্থের পঞ্চম প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা বহুদিন ধরে বলে আসছি, বাংলাদেশের মতো একটা দেশে এত ব্যাংকের জায়গা নেই। সেটা এতদিন পর আবার কর্তৃপক্ষ বুঝতে পারল। ব্যাংকের সংখ্যা বেশি হয়ে গেল।’ আলোচনায় থাকা দুর্বল ব্যাংকের মার্জার বা একীভূতের পদক্ষেপও অর্থনীতির জন্য বোঝা হয়ে যেতে পারে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এ উপদেষ্টা।
সমকালের শিরোনাম - দেশের বাস্তবতা বোঝে না বিশ্বব্যাংক-আইএমএফ। খবরে বলা হয়, বিশ্বব্যাংক এবং আইএমএফ বাংলাদেশের বাস্তবতা বোঝে না। মুক্ত অর্থনীতির কথা বলে সুদহার বাজারভিত্তিক করাসহ ব্যাংক খাতে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, তার সবটা বাংলাদেশের বাস্তবতার সঙ্গে যায় না। এ মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
এ অর্থনীতিবিদ বলেন, দেশের ব্যাংকিং খাত যে খুব একটা ভালো অবস্থায় নেই, এটা আমরা সবাই জানি। ব্যাংক খাতের সংস্কারে যে পথনকশা করার কথা বলা হচ্ছে, তা অনেক আগেই নেওয়া হয়েছিল। পরে কখন এবং কেন পথনকশা থেকে আমরা বিচ্যুত হলাম, সে ইতিহাস জানা জরুরি। অন্যথায় এই সংস্কার ও বিচ্যুতি চলতেই থাকবে।

ছবির উৎস, BBC Bangla
জিআই নিয়ে ঘুমিয়ে ছিল দপ্তরগুলো: সিপিডি, দেশ রুপান্তরের শিরোনাম এটি। খবরে বলা হয়, টাঙ্গাইল শাড়িকে নিজেদের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দিতে গিয়ে ভারত বিভ্রান্তিকর, অসত্য তথ্য ও প্রতারণার আশ্রয় নিয়েছে।
ভারত দেখিয়েছে টাঙ্গাইল শাড়ির কারিগররা সবাই হিন্দু। তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন। অথচ এটি কোনো সম্প্রদায়ের পণ্য নয়। টাঙ্গাইলের অনেক মুসলিম তাঁতিও এই শাড়ি বোনেন।
গতকাল শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টচার্য এসব মন্তব্য করেন। টাঙ্গাইল শাড়ি কখনোই ভারতের জিআই পণ্য হতে পারে না মন্তব্য করে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন ‘বাংলাদেশের উচিত দ্রুত এ বিষয়ে ভারতের আদালতে মামলা করা। ভারতের নিজস্ব জিআই আইনে সেই মামলা করার সুযোগ আছে।’
ভারতে টাঙ্গাইল শাড়িকে জিআই স্বীকৃতি দেওয়ার পরই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো নড়েচড়ে বসে। এরপর দ্রুততার সঙ্গে টাঙ্গাইলের জেলা প্রশাসনের পক্ষ থেকে শাড়ির জিআইয়ের আবেদন হয় গত ৬ ফেব্রুয়ারি। আর তা গ্রহণ করে সেদিনই অনুমোদন গেজেটের জন্য বিজি প্রেসে পাঠায় ডিপিডিটি।
এ ধরনের তাড়াহুড়ার সমালোচনা করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ভারতে টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য আবেদন হয়েছে ২০২০ সালে। এরপর চার বছর চলে গেছে। এসব তথ্য ওয়েবসাইটেই ছিল। কিন্তু এত দিন ধরে আমাদের সংশ্লিষ্ট দপ্তরগুলো কী করল? শুধু সরকার নয়, ব্যবসায়িক গোষ্ঠীরাও কেউ কোনো প্রশ্ন তোলেনি। এটা আমাদের অজ্ঞতা ও ব্যর্থতা।
Despite surplus production, why is Bangladesh still importing rice? – ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম এটি। বিস্তারিত হল, ২০২১-২২ সালে বাংলাদেশ চাহিদার চেয়ে অন্তত ৩০ লাখ টন বাড়তি চাল উৎপন্ন করার পরও আরও প্রায় ১০ লাখ টন চাল আমদানি করতে হয়েছিল, খাদ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এমনটি উঠে এসেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২২ অর্থবছরে চাল উৎপাদন ৩.৮৯ কোটি টনে গিয়ে ঠেকে, যা মানুষের চাহিদার চেয়ে ১.৩ কোটি টন বেশি।
এমনকি মানুষ ছাড়া গবাদি পশু, নষ্ট হওয়া চাল ইত্যাদি বাদ দিলেও ৩০ লাখ টন অতিরিক্ত থেকে যায়। কিন্তু তারপরও সরকারিভাবে ও ব্যক্তিগতভাবে ব্যবসায়ীরা লাখ লাখ টন চাল আমদানি করছেন। আর এটা শুধু চালের ক্ষেত্রে নয়, অন্যান্য শস্য যেমন আলু, মাছ ও মুরগীর ক্ষেত্রেও বিষয়টা একই।

ছবির উৎস, BBC Bangla
গুলি এসে পড়ছে টেকনাফের দোকানপাট, বসতবাড়িতে – প্রথম আলোর প্রধান শিরোনাম। খবরে বলা হচ্ছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের উখিয়া সীমান্তে গোলাগুলি কমলেও তীব্র হচ্ছে টেকনাফ সীমান্তে। শনিবার সকাল থেকে চার ঘণ্টাব্যাপী টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়ায় ওপারে গোলাগুলি হয়। এতে ওই এলাকার দোকানপাট ও বসতবাড়িতে গুলি এসে পড়ে। কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
তিন দিন ধরে গুলির শব্দ শুনতে না পাওয়া নাইক্ষ্যংছড়িতে গতকাল সবজিখেতে একটি মর্টারশেল এসে পড়ে। স্থানীয় লোকেরা মর্টার শেল বললেও বিজিবির মতে, এগুলো মূলত রকেট প্রপেলড গ্রেনেড।
এর আগে গত বৃহস্পতিবার ঘুমধুমের নয়াপাড়া, মঙ্গলবার ও শুক্রবার মধ্যমপাড়া থেকে তিনটি মর্টার শেল উদ্ধার করা হয়। অপরদিকে উখিয়ার সীমান্ত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় একটি লাশ উদ্ধার হয়েছে।
মিয়ানমার পরিস্থিতি নিয়ে প্রধান শিরোনাম করেছেন দৈনিক সমকালও। তারা লিখেছে ছোট ট্রলারে নাফ পেরিয়ে টেকনাফে ঢোকার চেষ্টা।
পত্রিকাটি বলছে মিয়ানমারের মংডু থেকে ছোট ছোট ট্রলারে টেকনাফ সীমান্ত দিয়ে গতকাল শনিবার বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে অনেক রোহিঙ্গা। তবে একজন রোহিঙ্গাও যাতে সীমান্ত ডিঙাতে না পারে, তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। কয়েক দিনে শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকিয়েছে বিজিবি।
হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা মো. সাইফুল বলেন, ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ওপার থেকে গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ওপার থেকে কিছু লোকজন এপারে ঢোকার চেষ্টা করেছিল। বিজিবির সতর্ক অবস্থানের কারণে বাংলাদেশে ঢুকতে না পেরে তারা চলে যায়।

ছবির উৎস, BBC Bangla
আজও প্রথম পাতায় পাকিস্তানের নির্বাচন ঘিরে খবরাখবর ছাপিয়েছে দেশের পত্রিকাগুলো। মানবজমিনের শিরোনাম - পাকিস্তানে কোয়ালিশনের তোড়জোড়।
পত্রিকাটি বলছে, সরকার গঠন করতে পারেন বা না পারেন- ম্যাজিক দেখিয়েছেন কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সব রাজনৈতিক দলকে পেছনে ফেলে শীর্ষ জনপ্রিয়তা প্রদর্শন করেছেন।
বৃহস্পতিবার নির্বাচন হয়ে গেলেও শনিবার পর্যন্ত যেসব ফল পাওয়া গেছে তাতে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদে ৯৫ আসনে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)। তারা পেয়েছে ৭৪ আসন। অন্যদিকে ঐতিহ্যবাহী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪টি আসন।
কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখন জোট সরকার গঠনের তোড়জোড় চলছে। পিটিআই যেমন সরকার গঠনের জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছে, তেমনি পিএমএলএন এবং পিপিপি মিলে জোট গঠনের চেষ্টা করছে।
হজের ৩৫ শতাংশ কোটা ফেরত – ইত্তেফাকের শিরোনাম। বলা হয় পবিত্র হজ নিবন্ধনের সময়সীমা পাঁচ দফা বৃদ্ধির পরও প্রায় ৪৫ হাজার কোটা পূরণ হয়নি।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ কোটা দেওয়া হয়েছিল। সময়সীমার শেষ পর্যন্ত নিবন্ধন করেছেন ৮২ হাজার ৯৬৬ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিবন্ধন করেছেন ৪ হাজার ২৬০ জন।
আর বেসরকারিভাবে যেতে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৭০৬ জন। ফলে কোটা ফাঁকা থাকল ৪৪ হাজার ২৩২টি। পরে গত বৃহস্পতিবার ৩৫ শতাংশ কোটা ফেরত পাঠানো হয়েছে সৌদি হজ মন্ত্রণালয়ের কাছে।

অন্যান্য খবর
Another massive dengue outbreak feared – ইংরেজি দৈনিক নিউ এজের প্রধান শিরোনাম। বলা হচ্ছে এই বছর আরেকটা মারাত্মক ডেঙ্গু প্রাদুর্ভাব ঘটতে পারে, যাতে করে গত বছর মৃত ও আক্রান্তের সংখ্যায় দীর্ঘ ২৩ বছরের যে রেকর্ড ভেঙেছে অনেকটা সেরকমই বা ভয়াবহতায় সেটাকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে মশার জন্মস্থান ধ্বংসের পাশাপাশি লার্ভা হত্যার তাগিদ দিচ্ছেন। ২০২৩ সালে ডেঙ্গুতে ১৭০৫ জন মারা যাওয়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি হয় ৩ লাখের উপর মানুষ।
সাংবাদিক সাগর-রুনি হত্যার এক যুগ নিয়ে খবর ছাপিয়েছে বেশ কিছু পত্রিকা। প্রথম আলোর শিরোনাম সাগর-রুনি হত্যার এক যুগ, কারণ এখনো অজানা। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এক যুগ পূর্ণ হচ্ছে আজ ১১ ফেব্রুয়ারি। এত বছরেও বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব পাঁচ বছর আগে আদালতে জমা দেওয়া অগ্রগতি প্রতিবেদনে বলেছিল, ঘটনাস্থলে দুজন অজ্ঞাত পুরুষের ডিএনএর নমুনা পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত সেই দুজনকে খুঁজে বের করা সম্ভব হয়নি। এই মামলার তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত আদালতে জমা দেওয়ার তারিখ ১০৫ বার পিছিয়েছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন।








