পত্রিকা: 'আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কা বাড়ছে ভোটের আগে'

Published
পড়ার সময়: ৭ মিনিট

আজকের পত্রিকার আজকের শীর্ষ খবর- আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কা বাড়ছে ভোটের আগে।

জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাতারাতি ভেঙে পড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি।

একদিকে মব সৃষ্টি, মাজার ভাঙা, ছিনতাই-চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে যাওয়া, অন্যদিকে মনোবল ভেঙে পড়া পুলিশের নিষ্ক্রিয়তা, সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা রয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে ধর্ষণের জেরে বিক্ষোভ, অবরোধ, আগুন ও হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এ ধরনের সহিংসতার জন্য পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নয়াদিগন্ত পত্রিকার আজকের শীর্ষ খবর- জুলাই আন্দোলনে মারণাস্ত্র থেকে গুলি ৩ লাখ রাউন্ড

এই খবরে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকায় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড এবং সারা দেশে মোট তিন লাখ পাঁচ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যদানকারী তদন্ত কর্মকর্তা মো: আলমগীর।

গতকাল সোমবার তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার শীর্ষ দুই সহযোগীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ৫৪তম সাক্ষী হিসেবে এ তথ্য আদালতে উপস্থাপন করেন।

আলমগীর জানান, পুলিশের সদর দফতর থেকে পাওয়া ২১৫ পৃষ্ঠার এক সরকারি প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলন দমন করতে এলএমজি, এসএমজি, চাইনিজ রাইফেল, শটগান, রিভলভার, পিস্তলসহ বিভিন্ন মারণাস্ত্র ব্যবহার করা হয়।

শুধু রাজধানী ঢাকায় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড এবং সারা দেশে তিন লাখ পাঁচ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়া হয়।

এই প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেড়শ' পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে তারা।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউয়ের প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আর গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আয়োজনে ইসিকে যুক্তরাজ্যের সহায়তা করার কথা জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সারাহ কুক। তার নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করেন।

বণিক বার্তা পত্রিকার আজকের শীর্ষ খবর- বাসের রুট পারমিটের ক্ষমতা এখনো পুলিশের হাতে!

এই খবরে বলা হচ্ছে, ঢাকা মহানগর এলাকায় বাসের রুট পারমিট প্রদান করে আসছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি। পদাধিকারবলে এ কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশপ্রধান (ডিএমপি কমিশনার)।

জানা যায়, কোম্পানিভিত্তিক বাস পরিষেবা প্রবর্তিত হলে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কার্যকারিতা থাকবে না। অর্থাৎ ঢাকায় নতুন বাস নামানো এবং রুট পারমিট দেয়ার ক্ষেত্রে এখন পুলিশের যে ক্ষমতা আছে তা লুপ্ত হবে।

কোম্পানিভিত্তিক বাস পরিষেবা প্রবর্তনের পেছনে পুলিশের অনাগ্রহের এটিই প্রধান কারণ বলে অভিযোগ করছেন খাতসংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা।

এর আগে ঢাকায় কোম্পানিভিত্তিক বাস প্রবর্তনে '‌বাস পরিবহন সেবা পরিচালনা ও বিশেষ অধিকার (রুট ফ্র্যাঞ্চাইজ) বিধিমালা' শিরোনামের একটি বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছিল ডিটিসিএ।

২০২২ সালে এ বিধিমালার বিরুদ্ধে মতামত দিয়েছিল ডিএমপি।

ওই চিঠিতে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটির ক্ষমতা বলবৎ রেখে বিধিমালাটি প্রণয়নের সুপারিশও করা হয়েছিল। উল্লেখ্য, বিধিমালাটি এখনো পাস হয়নি।

নিউ এইজ পত্রিকার আজকের শীর্ষ খবর- KHAGRACHARI VIOLENCE- National minorities fleeing home।

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় রবিবারের সহিংসতার পর সোমবার স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক পরিবার বাড়িঘর ছেড়ে আত্মীয়স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়ার শঙ্কা ও নতুন করে হামলার ভয়ে তারা ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

গুইমারার রেমেসু বাজার এলাকায় রবিবারের সড়ক অবরোধকে কেন্দ্র করে অগ্নিসংযোগে অন্তত একশ'টি ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে যায়।

এসব বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ছিলেন স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন। অবরোধ ডাকা হয়েছিল ২৩ সেপ্টেম্বর ১২ বছর বয়সী এক মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে।

সেদিনের সহিংসতায় তিনজন মারমা যুবক নিহত হন এবং আরও অনেকে আহত হন। নিহতদের লাশ সোমবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, নিহতরা হলেন গুইমারা উপজেলার বাসিন্দা ২১ বছর বয়সী অথুই মারমা, ২২ বছর বয়সী অথ্রাউ মারমা এবং ২০ বছর বয়সী তাইচিং মারমা।

প্রথম আলো পত্রিকার আজকের শীর্ষ খবর- ভোট পর্যবেক্ষণে নামসর্বস্ব সংস্থাও।

এই খবরে বলা হচ্ছে, নাম অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা। নির্বাচন কমিশন নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিতে যে ৭৩টি সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, তাতে ২৯ নম্বর নামটি এই সংস্থার। ঠিকানার জায়গায় লেখা শুধু সিন্দুরমতি, রাজারহাট, কুড়িগ্রাম।

সড়ক ও বাসার কোনো নম্বর না থাকায় সিন্দুরমতি গিয়ে স্থানীয় লোকজনের কাছে ওই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাওয়া হলো। অনেকেই চিনলেন। একজন নিয়ে গেলেন অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হুমায়ুন কবিরের (সোহাগ) বাড়িতে।

হুমায়ুন কবির বলেন, তাঁর সংস্থার কোনো কার্যক্রম এখন নেই। একসময় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করত। সংস্থাটির পরিচালনা পর্ষদ‎ সাত সদস্যের। তবে সদস্যরা এখন সক্রিয় নন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ২০২০ সালে মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে ভিজিডি (দুস্থ নারীদের জন্য চাল সহায়তা) কার্যক্রমের দায়িত্ব পেয়েছিল অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা। কিন্তু আর্থিক অনিয়মের অভিযোগে মহিলাবিষয়ক অধিদপ্তর সংস্থাটির নামে মামলা করে। মামলা এখনো চলমান।

নির্বাচন কমিশন (ইসি) গত রোববার ৭৩টি সংস্থার তালিকা প্রকাশ করে। পত্রিকায় প্রকাশিত ইসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব সংস্থা নিয়ে কারও কোনো আপত্তি থাকলে ১৫ কার্যদিবসের মধ্যে (২০ অক্টোবর ২০২৫) লিখিতভাবে জানাতে হবে।

কালের কণ্ঠ পত্রিকার আজকের শীর্ষ খবর- মালয়েশিয়ায় ভয়াবহ মানবপাচার

এই প্রতিবেদনে বলা হচ্ছে, কক্সবাজার হয়ে নৌপথে মালয়েশিয়ায় মানবপাচার উদ্বেগজনক হারে বেড়েছে। পাচারকারীরা সাধারণ লোকজনকে অপহরণ করে জোরপূর্বক মালয়েশিয়াগামী ট্রলারে তুলে দিচ্ছে। তাদের এই পাচারে নারী ও শিশুও বাদ যাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, এভাবে পাচার করার উদ্দেশ্য হলো অপহৃতদের মালয়েশিয়ায় নিয়ে জিম্মি করে স্বজনদের কাছ থেকে অর্থ আদায়।

ভুক্তভোগী ও স্বজনরা এমন তথ্য দিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকবার অপহৃতদের উদ্ধার ও পাচারকারীদের আটকের পরও এই তৎপরতা থামছে না।

নৌপথে মানবপাচারের ক্ষেত্রে দুর্ঘটনা বা সামুদ্রিক ঝড়ে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে।

সম্প্রতি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মানবপাচারকারী চক্রের এ ধরনের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

প্রতিবছর শীত মৌসুমে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে মানবপাচারকারীদের তৎপরতা বেড়ে যায়। এ বছর শীত শুরুর আগেই উপকূলে সক্রিয় হয়েছে মানবপাচারকারী দালালরা।

নারী-শিশুসহ স্থানীয় লোকজনকে পাচারের জন্য তুলে নিয়ে জড়ো করা হচ্ছে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন পাহাড়ে, পাচারকারীদের গোপন আস্তানায়। সেখান থেকে সুযোগ বুঝে তুলে দেওয়া হচ্ছে ট্রলারে।

দ্য ডেইলি স্টার পত্রিকার প্রধান খবর- Govt plans to form paramilitary force for airports।

বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা জোরদারে একটি নতুন আধাসামরিক বাহিনী গঠনের প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাবে বলা হয়েছে, সংগঠিত অপরাধ, সাইবার হামলা, ড্রোন কিংবা বোমা হামলার মতো হুমকি মোকাবিলায় স্বাধীন এই বাহিনী প্রয়োজন।

'অ্যাভিয়েশন গার্ড বাংলাদেশ' বা এজিবি নামের প্রস্তাবিত বাহিনীতে থাকবেন ৭ হাজার ৬৫০ জন সদস্য। এ জন্য প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৭৭১ কোটি টাকা।

বর্তমানে দেশের বিমান চলাচল নিরাপত্তার দায়িত্বে আছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বা সিএএবি) অ্যাভসেক শাখা, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং আনসারের প্রায় ৯ হাজার সদস্য।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, অ্যাভসেক মূলত বিমান, যাত্রী, ক্রু এবং বিমানবন্দরের অবকাঠামো রক্ষায় কাজ করে। তবে বিমানবন্দরের সংবেদনশীল এলাকা যেমন এপ্রন, সীমানা, জ্বালানি ডিপো এবং কার্গো পরিবহনে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার।

মানবজমিন পত্রিকার আজকের শীর্ষ খবর- মনোনয়ন লড়াইয়ে জেরবার নোয়াখালী বিএনপি।

মনোনয়ন লড়াইয়ে জেরবার নোয়াখালী জেলা। প্রতিটি আসনেই গ্রুপিং আর লড়াই। মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত ছুটছেন। তবে বিএনপি'র সাবেক সংসদ সদস্যরা অনেকটাই নির্ভার। ছয়টি আসন নিয়ে নোয়াখালী জেলা।

বিএনপি'র দুর্গ হিসেবে সারা দেশে পরিচিত নোয়াখালী। কিন্তু গত ষোল বছরে আওয়ামী লীগ নির্বাচনের নামে দখল করে রেখেছিল নোয়াখালীকে। এ সময়ে আওয়ামী লীগের শাসন আর শোষণে বিএনপি হয়ে পড়ে কোণঠাসা। মামলা, হামলা আর নির্যাতনে অধিকাংশ নেতাই ছিলেন আত্মগোপনে। কিছু নেতা অবশ্য আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে এলাকায় ছিলেন।

গত বছর ৫ই আগস্টের পর হাঁফ ছেড়ে বাঁচেন নেতাকর্মীরা। এলাকায় প্রবেশ করেন। কিন্তু এ প্রবেশ তাদের সুখ দিতে পারেনি। কোনো কোনো নেতা আওয়ামী লীগের রেখে যাওয়া চাঁদার স্পটগুলো দখলে নেয়।

কেউবা নতুন করে চাঁদার স্পট তৈরি করে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে জড়িয়ে পড়ে গ্রুপিংয়ে। প্রতিটি আসনেই সম্ভাব্য প্রার্থীদের অনুসারী তৈরি হয়।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় আজকের খবর- Why businesses avoid Pangaon and what MSC wants to fix with $400m offer।

এই প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১৩ সালের শেষ দিকে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) চালু হওয়ার সময় একে চট্টগ্রাম বন্দরের জট নিরসনের সমাধান হিসেবে দেখা হয়েছিল। প্রায় ১৫৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম নদীনির্ভর টার্মিনালটির লক্ষ্য ছিল বছরে এক লাখ ১৬ হাজার টিইইউ (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) পণ্য সামলানো।

কিন্তু এক দশকেরও বেশি সময় পর কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই আইসিডি এখন পরিণত হয়েছে ব্যর্থ প্রকল্পের উদাহরণে। সক্ষমতার ২০ শতাংশেরও কম ব্যবহার হচ্ছে এই স্থাপনার—কখনও কখনও নামছে মাত্র ৫ শতাংশে।

তবে নতুন করে আশার আলো দেখাচ্ছে অপ্রত্যাশিত এক প্রস্তাব। বিশ্বের সবচেয়ে বড় কনটেইনার পরিবহনকারী সংস্থা মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি (এমএসসি) প্রায় ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পানগাঁও টার্মিনাল আধুনিকায়ন ও পরিচালনার জন্য। প্রথমবারের মতো কোনো বৈশ্বিক শিপিং জায়ান্ট সরাসরি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক অবকাঠামোর নিয়ন্ত্রণ নিতে চাইছে।