'তফসিল ঘিরে বিএনপি নতুন কৌশল সাজাচ্ছে'

১১ই নভেম্বরের পত্রিকা
Published

কালের কণ্ঠের শিরোনাম 'তফসিল ঘিরে বিএনপি নতুন কৌশল সাজাচ্ছে'। প্রতিবেদনে বলা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তা বাতিলের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) দুই দিন সময় বেঁধে দেবে বিএনপি।

এরপরই হরতাল-অবরোধের মধ্যেই নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ ভবন ঘেরাও এবং অবস্থান কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে দলটি। ওই সময় আত্মগোপনে থাকা নেতাকর্মীরাও প্রকাশ্যে এসে কর্মসূচিতে সম্পৃক্ত হবেন এবং আন্দোলনের তীব্রতা বাড়ানোর চেষ্টা করবে বিএনপি ।

বিএনপি ও তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে গত কয়েক দিন কথা বলে এই তথ্য জানা গেছে । তফসিল-পরবর্তী কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে কয়েক দিন ধরে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনার পাশাপাশি সমমনা রাজনৈতিক দলগুলোর মতামতও নিচ্ছে দলটি।

'বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়' দৈনিক সমকালের প্রধান শিরোনাম। খবরে বলা হচ্ছে, নির্বাচন বা উন্নয়ন একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে| এতে ভারত কোনো হস্তক্ষেপ করবে না। বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এমন বার্তাই ওয়াশিংটনকে দিয়েছে দিল্লি |

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নির্বাচনের ক্ষেত্রে বর্তমান মার্কিন নীতি এ অঞ্চলে চীনের আধিপত্য বাড়াবে বলে যুক্তরাষ্ট্রকে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে নয়াদিল্লির পক্ষ থেকে এ বার্তা দেওয়া হয়।

শুক্রবার দিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পঞ্চম প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু বৈঠক” অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রা ও প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে সংবাদ সম্মেলন করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান কোয়েত্রা।

দৈনিকি সমকাল

'কঠোর অবস্থানে মালিকপক্ষ, দাবিতে অনড় শ্রমিকরাও' সংবাদের প্রধান শিরোনাম। পত্রিকাটি বলছে, পোশাক কারখানার শ্রমিকদের নতুন মজুরি ঘোষণার পর আন্দোলনের প্রেক্ষাপটে কঠোর অবস্থানে হাচ্ছে মালিকপক্ষ।

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

তারা বলছেন, যেসব কারখানার শ্রমিকরা আন্দোলন করছে সেসব কারখানা বন্ধ করে দেয়া হবে, নতুন নিয়োগ বন্ধ থাকবে এবং আন্দোলনরতদের বিরুদ্ধে মামলা করা হবে।

শ্রমিকরা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। শ্রমিকনেতারা বলছেন, নতুন মজুরি ২৫ হাজার টাকা না করা পর্যন্ত আন্দোলন চলবে। শুক্রবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবসহ কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের খবর পাওয়া গেছে।

'ইসলামী দলগুলো নিয়ে টানাটানি' যুগান্তরের এই প্রতিবেদনে বলা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ চলছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পুরোদমে নির্বাচনের প্রস্তুতি শুরু করলেও বিরোধী দল বিএনপি চূড়ান্ত আন্দোলনে রয়েছে।

এমন পরিস্থিতিতে কদর বেড়েছে ইসলামী রাজনৈতিক দলগুলোর। ধর্মভিত্তিক দলগুলোকে নিজস্ব বলয়ে ভেড়াতে তৎপরতা চালাচ্ছে দেশের বড় দুই রাজনৈতিক দল। যেকোনো মূল্যেই তাদের সমর্থন চান তারা।

দলীয় সরকারের অধীনে 'আসন'র প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে নিতে চায় ক্ষমতাসীন দল। অন্যদিকে সরকার পতনের একদফার চলমান আন্দোলনে পাশে চাইছে বিএনপি।

এজন্য নিয়মিত যোগাযোগ রক্ষাসহ দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথের আন্দোলনে থাকছে। কেউ কেউ নির্বাচনমুখীও।

বণিক বার্তা

'ডলার যেন সোনার হরিণ' মানবজমিনের শিরোনাম। খবরে বলা হচ্ছে, তীব্র সংকটে ডলারের বাজার অস্থির হয়ে উঠেছে। ডলার সংকট কাটাতে যেসব উদ্যোগ নেয়া হচ্ছে তা সবই ভেস্তে যাচ্ছে। বাজারে দাম নিয়ে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। প্রতিনিয়ত বাড়ছে মুদ্রাটির দাম।

ডলারের দামের ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংক থেকে বাফেদা ও এবিবি’র ওপর ছেড়ে দেয়ার পর মুদ্রাটির দর নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। ফলে খোলা বাজারে ডলারের দাম রেকর্ড সর্বোচ্চ ১২৮ টাকায় পৌঁছেছে।

অনেক ব্যাংক ডলার পাচ্ছে না। আবার কেন্দ্রীয় ব্যাংকের শিথিলতার সুযোগে প্রতিযোগিতা করে ১২৪ টাকা দরেও ডলার কিনেছে অনেক ব্যাংক।

ডলার বাজারের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ করা এবং নির্ধারিত দামে ডলার বিক্রিসহ বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়নে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করেছেন ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার এসোসিয়েশন (বাফেদা)।

ডলার সংকট নিয়ে বণিক বার্তার খবরের শিরোনাম 'ডলার সংকটে হাসপাতালে জরুরি চিকিৎসা সরঞ্জামের ঘাটতি'। পত্রিকাটি বলছে, জরুরি চিকিৎসা সরঞ্জামের জন্য বিদেশ থেকে আমদানির ওপর নির্ভর করতে হয় দেশের হাসপাতালগুলোকে।

বিশেষ করে হৃদরোগ, অর্থোপেডিক, চক্ষু, ক্যান্সার, জেনারেল সার্জারি, স্নায়বিক রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারের প্রায় শতভাগ সরঞ্জামই আমদানি করতে হয়।

বর্তমানে এগুলো আমদানিতে ব্যাঘাত ঘটাচ্ছে বিদ্যমান ডলার সংকট। সরঞ্জামের অভাবে দেশের হাসপাতালগুলোয় এখন বড় অস্ত্রোপচারের সংখ্যাও কমার পথে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সবচেয়ে বেশি আশঙ্কা তৈরি হয়েছে হৃদরোগের সার্জারি নিয়ে। ব্যাঘাত ঘটছে অর্থোপেডিকসহ অন্যান্য অসংক্রামক রোগের চিকিৎসায়ও।

ডলার সংকটের কারণে চিকিৎসা সরঞ্জাম আমদানির জন্য ব্যাংকে এলসি (ঋণপত্র) খোলা বেশ কঠিন হয়ে পড়েছে। আমদানি কমে যাওয়ায় সরবরাহ এখন চাহিদার অর্ধেকে নেমে এসেছে।

যুগান্তর

'জনগণের কাঁধে লোকসানের দায়' এটি দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। ভর্তুকি সমন্বয়ের নামে দফায় দফায় বিদ্যুৎ জ্বালানি ও পানির মূল্যবৃদ্ধির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সরকার ভর্তুকির ধারণা থেকে সরে এসে গ্রাহকের নতুন এক মডেলের আওতায় বিদ্যুৎ ও পানির দাম নির্ধারণের উদ্যোগ নিয়েছে।

অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, সরকারের ভুলনীতি, অনিয়ম, দুর্নীতি আর গোষ্ঠীপ্রীতির কারণে বিদ্যুৎ, জ্বালানি আর পানি খাতে অস্বাভাবিক ব্যয় বেড়েছে।

এজন্য বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। এখন যদি ভর্তুকি সমন্বয় করতে গিয়ে দাম বাড়ানো হয় তাহলে জনজীবন তথা দেশের অর্থনীতিতে চরম বিপর্যয় নেমে আসবে।

প্রথম আলোর শিরোনাম 'চোরাগোপ্তা হামলা নিয়ে উদ্বেগ'। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বিএনপিসহ বিরোধী দলগুলোর হরতাল ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহনে একের পর এক নিজস্ব অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত পুলিশের কর্মকর্তাদের অনেকে এ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।

পাশাপাশি সরকারের কঠোর অবস্থানের কারণে করে বিএনপি প্রকাশ্যে আসতে পারছে না। দলটির শীর্ষ ও মধ্যম সারির নেতাদের পাশাপাশি জেলা পর্যায়ের অনেকে গ্রেপ্তার হয়েছেন। বাকি নেতারা আত্মগোপনে। এ অবস্থায় তাদের কর্মসূচি পালনের ধরনও পাল্টে গেছে।

ইংরজি পত্রিকা দ্য দেইলি স্টারের প্রধান শিরোনাম 'Electronic Voting Machines: Tk 940cr lost due to poor upkeep' অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন: রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে ৯৪০ কোটি টাকা নষ্ট হয়েছে। খবরে বলা হচ্ছে, বাংলাদেশে ২০১১ সালে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু হয়েছিল।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইভিএমে ভোট নেওয়া হয়েছিল। সেই বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে, নির্বাচন কমিশন দেড় লাখ ইভিএম কেনে। প্রতিটি মেশিনের দাম পড়ে ২ লাখ ৩৫ হাজার টাকা। ভারতে ব্যবহৃত ইভিএমের তুলনার এই দাম ১১ গুণ বেশি।

যদিও ভারতীয় মেশিনগুলো ১৫ বছর ধরে চলছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের কেনা ৪০ হাজার ইভিএম দুর্বল স্টোরেজ এবং রক্ষণাবেক্ষণের কারণে পাঁচ বছরও টেকেনি। এতে জনগণের ৯৪০ কোটি টাকা নষ্ট হয়েছে।

ডেইলি স্টার

ইত্তেফাকের শিরোনাম 'কক্সবাজার-দোহাজারী রেলপথ উদ্বোধন আজ'। খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন। সমুদ্রসৈকতের কাছাকাছি নির্মিত দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশন উদ্বোধন করবেন। এর মাধ্যমে ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার-দোহাজারী নতুন রেলপথ চালু হবে।

এছাড়া প্রধানমন্ত্রী আজ মহেশখালীর মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর চ্যানেলসহ প্রায় ৮৮ হাজার কোটি টাকার ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ৩৫ হাজার কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রসহ মাতারবাড়ীতে অন্তত ৭০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প রয়েছে।

'হজের বিমান ভাড়া কমাতে হাবের আবেদনের সাড়া মেলেনি' নয়াদিগন্তের শিরোনাম। খবরে বলা হয়েছে, হজ প্যাকেজ থেকে বিমান ভাড়া কমাতে বেসরকারি এজেন্সি মালিকরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানালেও এখনো সাড়া মেলেনি। সে জন্য এখনো বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়নি। এর মধ্যেই আগামী ১৫ নভেম্বর থেকে হজযাত্রীদের নিবন্ধন শুরুর ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এবার টাকা বেশি দিলেই মিলবে হজযাত্রীদের সুযোগ সুবিধা। এ জন্য সাধারণ হজ প্যাকেজকে ছয়টি ক্যাটাগরিতে এবং প্রথমবারের মতো ঘোষিত বিশেষ প্যাকেজও তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী বছরের ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

ক্রিকেট বিশ্বকাপ নিয়ে যুগান্তরের প্রতিবেদন, 'ফিরে যাওয়ার আগে বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া।' বিশ্বকাপ শেষ হতে আরও আট দিন। তবে আজকের পর থেকে বাংলাদেশ তো শুধুই দর্শক। বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে আজই।

ভারতের পুনেতে সকাল ১১টায় বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম আলোর আরেকটি খবর 'প্রথমবারের মতো পুরো চোখ প্রতিস্থাপন'। প্রথমবারের মতো পুরো চোখ প্রতিস্থাপনে সফল হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একদল চিকিৎসক। চিকিৎসা জগতে এটিকে অনন্য একটি অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে প্রতিস্থাপনের পর ওই রোগী চোখে দেখতে পাবেন কি না, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অ্যারন জেমস নামের ৪৬ বছর বয়সী এক পুরুষ রোগীর বাঁ চোখ প্রতিস্থাপন করেছেন চিকিৎসকেরা।